সিলেটে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী থাকা সত্ত্বেও ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদকসহ সাতজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে তিনজন চেয়ারম্যান ও চারজন ভাইস চেয়ারম্যান প্রার্থী। গতকাল রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার রাতে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী সাতজনকে বহিষ্কার করা হয়েছে। সভায় দলীয় সভানেত্রী স্বাক্ষরিত গত ২৬ জানুয়ারির পত্রের নির্দেশ অনুযায়ী তাঁদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
বহিষ্কৃতরা হলেন: গোলাপগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন ইসলাম, একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আকবর, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউনূস আলী।
ভাইস চেয়ারম্যান পদে বহিষ্কৃতরা হলেন: জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, ওসমানীনগর থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ইকবাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শামসুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী জানান, জৈন্তাপুরে চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল আহমদের দলীয় কোনো পদ না থাকায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে তাঁর পক্ষে নেতা-কর্মীদের কাজ না করতে আহ্বান জানানো হয়েছে। একইভাবে বহিষ্কৃত নেতাদের পক্ষে নির্বাচনে দলীয় কর্মী-সমর্থকদের না থাকতে দলের পক্ষ থেকে বলা হয়েছে।
প্রত্যাখ্যান: সম্পাদকীয় পদে থাকা কাউকে বহিষ্কারের এখতিয়ার জেলা আওয়ামী লীগের কমিটির নেই দাবি করে সংবাদ সম্মেলন করেছেন হুমায়ূন ইসলাম।