সিলেটে আওয়ামী লীগের সভায় ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলা
সিলেটে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের এক জনসভায় ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা হামলা করলে উভয় পক্ষে সংঘর্ষ হয়। সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।কেন্দ্রীয় আওয়ামী লীগের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল সিলেটের সিটি পয়েন্টে ‘সাংগঠনিক জনসভা’র আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, বিকেল চারটায় সভা শুরুর কিছু আগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জগলু চৌধুরী ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ার্ড কাউন্সিলর আবদুর রকিব বাবলুর নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে পৌঁছায়। মিছিলকারীরা সভায় চড়াও হয়ে শতাধিক চেয়ার ভাঙচুর করে। একপর্যায়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষ প্রকাশ্যে দেশি অস্ত্রশস্ত্র ব্যবহার করে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে জনসভার কার্যক্রম চলে।ছাত্রলীগের একটি সূত্র জানায়, সদ্য ঘোষিত ছাত্রলীগের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে সৃষ্ট বিরোধে গতকালের এই ঘটনা ঘটে।জনসভায় বক্তৃতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ সংঘর্ষ সম্পর্কে বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জগলু চৌধুরী প্রথম আলোকে বলেন, কমিটিতে স্থান না পাওয়া একদল কর্মী উচ্ছৃঙ্খল আচরণ করায় তিনি বরং তাঁদের শান্ত রাখার চেষ্টা করেছেন।