সিলেটে আজ থেকে শুরু হচ্ছে আদিবাসী সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনের আদিবাসী সম্মেলন (কনভেনশন ২০১২)। সিলেটের পরিবেশ ও আদিবাসীদের বসবাস নিয়ে এই প্রথম আয়োজন করা সম্মেলনের উদ্বোধন করবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) আয়োজিত আদিবাসী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল উপস্থিত থাকবেন।আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে মূল সম্মেলন। ক্যাম্পাসের ‘চেতনা একাত্তর’ পাদদেশে উদ্বোধনী অধিবেশনের পরপরই উন্মুক্ত করে দেওয়া হবে আদিবাসী পল্লি প্রদর্শনী। ছনের ছাউনি আর বাঁশ-বেতের বুননে পরিপাটি করে তৈরি করা হয়েছে স্থাপনা। দেখতে আদিবাসী পল্লি ঘরগুলোর মতো। এ ঘরের চারদিকে জানালা। খোলা জানালায় থাকবে আদিবাসী নারী ও শিশুদের উঁকিঝুঁকি, যেমন দেখা যায় আদিবাসী পল্লিতে গেলে। প্রতীকীভাবে ক্যাম্পাস আদিবাসী পল্লির সাজে সাজানোর কাজ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তদারক করছেন। নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবদুর আউয়াল বিশ্বাস জানান, ক্যাম্পাসে আদিবাসী পল্লিতে ৩০টি ঘর থাকছে। এতে আদিবাসীদের জীবন ও সংস্কৃতির ৬০টি প্রদর্শনী স্টল আদিবাসীরাই পরিচালনা করবে। সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন এলাকায় বসবাসকারী আদিবাসীরা তাদের ঐতিহ্য প্রদর্শন করবে। বিকেলে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে প্রথম দিনের অনুষ্ঠানমালা।দ্বিতীয় দিন শুক্রবার ‘আমার সিলেট রূপের বাহার/ আছে হাওর আছে পাহাড়’ বিষয়বস্তু নিয়ে দিনব্যাপী বিতর্ক অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীরা অংশ নেবেন। পাশাপাশি চলবে আদিবাসী পল্লির প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন বলেন, ‘আমাদের পরিবেশ বাঁচানো দরকার। এ নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু এর সঙ্গে মানবাধিকারের বিষয়টি নিয়েও ভাবতে হবে। পরিবেশ বিপন্ন হওয়ার সঙ্গে কিছু জনগোষ্ঠীও বিপন্ন হয়ে পড়ছে। তাদের প্রতি সংহতি জানাতেই এ আয়োজন।সম্মেলন থেকে ‘সিলেট ঘোষণা’ প্রসঙ্গে সদস্যসচিব মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘পরিবেশ রক্ষায় এখন যা কিছু হচ্ছে, সংবাদমাধ্যমের কল্যাণেই হচ্ছে। সম্মেলনে পাথর উত্তোলন, আদিবাসী ও পরিবেশের সমস্যাবলি, নির্বিচারে বৃক্ষ নিধন—এ তিনটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করে সমাপনী দিনে ঘোষণা দেওয়া হবে।’