সিলেটে আজ বিক্ষোভ করবে ওয়ার্কার্স পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে আজ বুধবার নগরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
দলটির কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করেন, তেল-গ্যাস-বিদ্যুতের দামের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের স্থানীয় নেতা-কর্মীরা গতকাল দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য ডিসির কার্যালয়ে যান। বেলা একটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে এলে নেতা-কর্মীরা স্মারকলিপি দেওয়ার জন্য তাঁর কক্ষে ঢোকেন। এতে ক্ষিপ্ত হয়ে নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন জেলা প্রশাসক।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেটের সাধারণ সম্পাদক সিকান্দর আলী বলেন, ‘বিগত সময়ে নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিলেও কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়নি। কিন্তু দেশের একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে স্মারকলিপি দিতে গেলে জেলা প্রশাসক অসৌজন্যমূলক আচরণ করেছেন, এটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না।’
এ বিষয়ে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেন, ‘উনারা (নেতা-কর্মীরা) একসঙ্গে অনেকজন হুমড়ি খেয়ে কক্ষে ঢুকে পড়েন। আমি উনাদের বলেছি, একসঙ্গে এতজন না এসে আপনারা কয়েকজন আসুন। এতে বোধ হয় উনারা কিছুটা রাগ করেছেন। তবে উনাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ সত্য নয়। উনাদের সঙ্গে কেন আমি খারাপ আচরণ করব?’