সিলেটে আজ সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলায় আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ‘আমরা সিলেটবাসী’ নামের একটি সংগঠন। আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম প্রত্যাহারের দাবিতে সংগঠনটি এ হরতাল ডেকেছে। নগরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও বিএনপি এই হরতালে সমর্থন দিয়েছে।
গত বৃহস্পতিবার কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্রে নতুন করে আরও নয়জন আসামিকে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হকের নামও রয়েছে। মেয়র আরিফুলকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে দাবি করে অবিলম্বে তাঁর নাম অভিযোগপত্র থেকে প্রত্যাহার করে নিতে গত শনিবার বিকেলে নগরে বিক্ষোভ সমাবেশ করে ‘আমরা সিলেটবাসী’। সমাবেশ থেকে হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।
বিএনপির বিক্ষোভ সমাবেশ: মেয়র আরিফুলসহ বিএনপির তিন নেতাকে কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। গতকাল রোববার বিকেলে কোর্ট পয়েন্টে নগর ও জেলা বিএনপির সমাবেশ থেকে এ দাবি জানানো হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার হত্যার বিচার চাই। কিন্তু বিচার হতে হবে সঠিকভাবে। প্রকৃত খুনিদের বাদ দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির নেতা হারিছ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া গউসকে অবিলম্বে অভিযোগপত্র থেকে বাদ দিয়ে প্রকৃত খুনিদের গ্রেপ্তার করুন।’
সমাবেশ থেকে আজকের হরতালের প্রতি বিএনপির আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করা হয়।
সমাবেশ শুরুর আগে বিকেল চারটার দিকে ছাত্রদলের একটি মিছিল থেকে ককটেল বিস্ফোরিত হলে সমাবেশস্থলসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।