সিলেটে আট কোটি টাকার হেরোইন জব্দ
পাকিস্তান থেকে বৈদেশিক ডাকযোগে সিলেটের এক প্রাপকের ঠিকানায় পাঠানো প্রায় আট কোটি টাকা মূল্যের হেরোইন জব্দ করেছে সিলেট কাস্টমস কর্তৃপক্ষ। গত রোববার সিলেটের দক্ষিণ সুরমায় ডাক বিভাগের বৈদেশিক শাখা থেকে তা জব্দ করে পরীক্ষার পর হেরোইন বলে নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দক্ষিণ সুরমা থানায় মাদক চোরাচালান আইনে একটি মামলা করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
সিলেট কাস্টমস সূত্র জানায়, গত ৯ মার্চ বৈদেশিক ডাক বিভাগ সিলেট শাখা পাকিস্তান কাস্টমস থেকে পাঠানো চারটি প্যাকেট গ্রহণ করে। এগুলো দেখে সন্দেহ হলে ডাক বিভাগ থেকে বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষকে জানানো হয়। পার্সেল খুলে সাদা পাউডারজাতীয় পণ্য পাওয়া যায়। এর কিছু নমুনা পরীক্ষার জন্য ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়। গত বুধবার বিকেলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষার রিপোর্ট সিলেট কাস্টমস কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। এতে দেখা যায়, চারটি প্যাকেটের সবই উন্নতমানের হেরোইন বলে শনাক্ত হয়েছে।
কাস্টমস সূত্র জানায়, চারটি পার্সেলে সাদা পলিথিনে মোড়ানো ৪৪টি ছোট প্যাকেটে ওই হোরোইন রয়েছে। যার ওজন সাত কেজি ৯৫০ গ্রাম। বাজারমূল্য প্রায় আট কোটি টাকা।
সিলেট কাস্টমসের সহকারী কমিশনার জুয়েল আহমদ জানান, বৈদেশিক ডাক বিভাগ থেকে হেরোইনের প্রাপকের নাম ও ঠিকানা তাঁরা সংগ্রহ করেছেন। তবে প্রাপক হিসেবে সঠিক তথ্য ব্যবহার করা হয়েছে কি না কিংবা এ নামে কেউ সিলেটে আছেন কি না, তা খতিয়ে দেখার স্বার্থে এই মুহূর্তে নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে মামলা করার পর বিষয়টি দক্ষিণ সুরমা থানা পুলিশকে জানানো হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত জানান, এ ঘটনায় আন্তর্জাতিক চোরাচালানি চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।