সিলেটে আট দিন ব্যাপী বইমেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের রাতের ঝড়-বৃষ্টিতে একটু শঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু সকালের সূর্য ও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই আশঙ্কা উবে গেল। বেলা ১১টার মধ্যেই কানায় কানায় ভরে গেল সিলেট নগরের লামাবাজার এলাকার মোহাম্মদ আলী জিমনেসিয়াম।
স্কুল-কলেজের শিক্ষার্থী, প্রকাশক, লেখক, শিক্ষক, রাজনীতিবিদ—কে নেই সে তালিকায়! আর পাঠক-দর্শনার্থীদের এমন উপস্থিতিতে গতকাল শনিবার উদ্বোধন হয় আট দিনব্যাপী সিলেট বিভাগীয় বইমেলার। মেলা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।
বেলা ১১টায় বইমেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘আলোকিত মানুষ হতে হলে পাঠাভ্যাসের কোনো বিকল্প নেই। একমাত্র বই-ই পারে জ্ঞানভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে।’
জাতীয় গ্রন্থকেন্দ্র, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় এবং সিলেট জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথির বক্তব্য দেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, সিলেট মহানগরের পুলিশ কমিশনার মো. কামরুল আহসান ও মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ। শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনজুরুর রহমান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি মাজহারুল ইসলাম এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আখতারুজ্জামান।
সবার জন্য উন্মুক্ত এই বইমেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। মেলায় ঢাকা ও সিলেটের ৪৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় অংশগ্রহণকারী ঢাকার প্রকাশনা প্রতিষ্ঠান উৎস প্রকাশনের প্রধান নির্বাহী মোস্তাফা সেলিম বলেন, ‘তৃণমূল পর্যায়ে পাঠকদের বইয়ের প্রতি আরও আকর্ষণ তৈরি করতে এ রকম আয়োজনের বিকল্প নেই। এ চেতনা থেকেই মেলার আয়োজন করা হয়েছে। এটি বইভিত্তিক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।’