সিলেটে বিনা নোটিশে বাতিল করা হয়েছে বাংলাদেশ বিমানের ঢাকাগামী ফ্লাইট। এ কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যগামী ৩৭০ জন যাত্রী। ফ্লাইট বাতিলের ঘটনায় আটকাপড়া যাত্রীরা গতকাল শুক্রবার সকালে বিমানের সিলেট কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন। যাত্রীরা জানান, গতকাল বেলা দুইটা ৫০ মিনিটে বিজি-০৩৬ ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল। কিন্তু কোনো নোটিশ ছাড়াই বিমান কর্তৃপক্ষ ফ্লাইট বাতিল করে দেওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। ফ্লাইট বাতিলের প্রতিবাদে বেলা ১১টায় যাত্রীরা বিমানের সিলেট কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। পরে কর্তৃপক্ষ আজ শনিবার ফ্লাইট দেওয়ার আশ্বাস দিলে যাত্রীরা শান্ত হন। বাতিল হওয়া ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল—এমন এক যাত্রী জানান, কোনো কারণ ছাড়াই বিমান এ ফ্লাইট বাতিল করেছে। স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে তিনি বিমানবন্দরে এসে ফ্লাইট বাতিলের বিষয়টি জানতে পারেন। বিমানের সিলেট কার্যালয় সূত্রে জানা যায়, ওই ফ্লাইটে ২৯৬ জনের লন্ডন, ২৭ জনের দোহা-দুবাই, ৩২ জনের জেদ্দা, ১৭ জনের মাসকাট ও কুয়েত যাওয়ার কথা ছিল। এ ছাড়া অভ্যন্তরীণ যাত্রী ছিলেন ৩৪ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জ্যেষ্ঠ কর্মকর্তা (কমার্শিয়াল) মো. আবদুুর রহমান জানান, ঢাকা থেকে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে আটটায় ফ্লাইটের নতুন সূচি নির্ধারণ করা হয়েছে। গত সোমবার রাতেও সিলেটে বিমানের একটি ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরে আটকা পড়েছিলেন ১৪০ জন যাত্রী।