সিলেটে আদালত প্রাঙ্গণের পবিত্রতা রক্ষার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত প্রাঙ্গণে রাজনৈতিক তৎপরতা পরিচালনা করতে সংযম ও আইন অঙ্গনের পবিত্রতা রক্ষা করতে সিলেটের রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। গতকাল মঙ্গলবার হরতাল চলাকালে আদালত এলাকায় হরতালকারী, র‌্যাব ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ধ্যার পর জরুরি সভা থেকে এ আহ্বান জানানো হয়।সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম সফিউল আলমের সঞ্চালনায় সভায় মো. মোছলেহ উদ্দিন, নূরুল ইসলাম, মাসুদুর রহমান খান, সৈয়দ আশরাফ হোসেন, আনোয়ার হোসেনসহ জ্যেষ্ঠ আইনজীবীরা বক্তব্য দেন। সভায় বলা হয়, হরতাল চলাকালে পুলিশ ও র‌্যাব আদালত প্রাঙ্গণে প্রবেশ করে বেধড়ক মারধর করে। আইনজীবী-ক্লার্ক আনা মিয়া ও সমিতির কর্মচারী সফিক মিয়া র‌্যাব ও পুলিশের মারধরে আহত হন। সভা থেকে র‌্যাব ও পুলিশের এ ধরনের ভূমিকার নিন্দা জানিয়ে ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়।