সিলেটে আদিবাসী এক তরুণকে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি দখলে বাধা দেওয়ার পর থেকে সিলেটে আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের এক তরুণের খোঁজ পাচ্ছে না তাঁর পরিবার। সংঘবদ্ধ ভূমিদস্যুরা তাঁকে অপহরণ করেছে বলে সিলেট কোতোয়ালি থানায় তরুণের পরিবার লিখিতভাবে অভিযোগ করেছে। ওই তরুণের পরিবার সূত্র জানায়, সিলেট শহরতলির বালুচর (ব্লক-সি ফোকাস-৩৫) এলাকার বসিন্দা চুনুয়া ওঁরাওর বাড়ির জায়গা নিয়ে আদালতে মামলা চলছে। গত ২৭ সেপ্টেম্বর চুনুয়া ওঁরাওর বাড়িতে একদল লোক গিয়ে তাঁদের ভিটাচ্যুত করার চেষ্টা চালায়। চুনুয়ার ছেলে পলাশ ওঁরাও দখলচেষ্টাকারীদের তাড়িয়ে দেন। এ ঘটনার তিন দিন পর গত সোমবার সন্ধ্যা থেকে পলাশ ওঁরাওকে পাওয়া যাচ্ছে না। পলাশের বোন রাধা ওঁরাও জানান, গত সোমবার সন্ধ্যায় পলাশকে প্রতিবেশীরা বালুচর এলাকায় দেখতে পান এবং সেখান থেকে সন্ধ্যার পরপরই পলাশ অপহূত হয়েছেন বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। এ ব্যাপারে থানায় জানানোর পরও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। পলাশের বাবা চুনুয়া ওঁরাও জানান, তাঁদের বাড়ির দলিলপত্রসহ জমিসংক্রান্ত মামলার কাগজপত্র পলাশের কাছে ছিল। সে কারণেই ভূমিদস্যুরা পলাশকে অপহরণ করেছে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সুলতান প্রথম আলোকে বলেন, অপহরণের অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশ পলাশের সন্ধান করছে।