সিলেটে আদিবাসী ও পরিবেশ কনভেনশন শুরু ১২ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘আদিবাসী ও পরিবেশ কনভেনশন’ আগামী ১২ জানুয়ারি শুরু হবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (বেন) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ কনভেনশনের আয়োজন করেছে।গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কনভেনশনের কথা জানানো হয়। কনভেনশনের প্রধান পৃষ্ঠপোষক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ উদ্দিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাপার কেন্দ্রীয় সহসভাপতি সুলতানা কামাল, শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল, বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল বক্তব্য দেন।সুলতানা কামাল বলেন, ‘আদিবাসীরা পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখে। বন উজাড় করায় তাদের জীবন আজ হুমকির সম্মুখীন। এ ব্যাপারে জনসচেতনতা তৈরি করতে হবে। অন্যায্য ও অসময়ে গাছ কাটা আমাদের প্রতিরোধ করতে হবে।’ জাফর ইকবাল বলেন, ‘আদিবাসীদের কারণে আমাদের জীবন ও সংস্কৃতি বৈচিত্র্যময় হয়েছে। পরিবেশ ও আদিবাসী—দুটো বিষয় থাকায় কনভেনশনটি বিশেষ গুরুত্ব বহন করে।’ ‘রোটারি ক্লাব অব সিলেট গ্রিন’ অভিষেকে সুলতানা কামাল: সুলতানা কামাল বলেছেন, ‘সমাজকে বাঁচাতে হলে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ঐক্যবদ্ধভাবে কাজ করলে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা শুধু প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে নয়, রাজনৈতিক ও সামাজিক বিপর্যয়ের মধ্যে আছি।’ সিলেটে গত শুক্রবার রাতে ‘রোটারি ক্লাব অব সিলেট গ্রিন’-এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।সিলেট স্টেশন ক্লাব মিলনায়তনে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ মইনুর রহমান। এ সময় রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ইশতিয়াক এ জামান, ডেপুটি গভর্নর এম এ মালেক, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ, শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।