সিলেটে আদিবাসী শিক্ষার্থীদের ভাষার দূরত্ব ঘোচাতে নিজস্ব শিক্ষক নিয়োগের দাবি
সিলেটের বিভিন্ন জেলার আদিবাসী-অধ্যুষিত অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ভাষার দূরত্ব ঘোচানোর জন্য তাদের নিজ জনগোষ্ঠীর শিক্ষক নিয়োগের দাবি উঠেছে। সম্প্রতি সিলেটের আদিবাসীদের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠন আয়োজিত একাধিক মতবিনিময় সভায় সরকারের প্রতি এ দাবি উত্থাপন করা হয়েছে।আদিবাসী-অধ্যুষিত অঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন, বৃহত্তর সিলেটের বিভিন্ন আদিবাসী-অধ্যুষিত অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাঙালি শিক্ষক নিয়োগ দেওয়ায় আদিবাসী খুদে শিক্ষার্থীরা শিক্ষকদের ভাষা বুঝতে পারছে না। ভাষাগত এ দূরত্বের কারণে শিক্ষার্থীরা ভর্তির পরপরই বিদ্যালয় থেকে ঝরে পড়ছে।খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট জেলার সদর, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট; মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, জুড়ী, কুলাউড়া, বড়লেখা, রাজনগর, শ্রীমঙ্গল; সুনামগঞ্জ জেলার তাহিরপুর, বিশম্ভরপুর, জামালগঞ্জ, ছাতক এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন জনগোষ্ঠী ও চা-শ্রমিকেরা বাস করছেন। এসব অঞ্চলে বিদ্যালয়গামী কয়েক হাজার আদিবাসী শিক্ষার্থী রয়েছে। গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের সংগ্রামপুঞ্জির বাসিন্দা হিমা খংস্তিয়া এবার ডিগ্রি পরীক্ষা দিচ্ছেন। তিনি বলেন, ‘ভাষাগত সমস্যার কারণে আমাদের পড়াশোনা করতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এ অবস্থায় আদিবাসী এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে যদি অন্তত আদিবাসী শিক্ষক নিয়োগ দেওয়া যেত, তাহলে সব শিশু বিদ্যালয়ে যেত।’ একই উপজেলার নকশিয়াপুঞ্জির সীমা রাম্ভাই বলেন, ‘আমি উচ্চমাধ্যমিক পাস করেছি। কিন্তু খুব কষ্ট করে এ পর্যায়ে আসতে হয়েছে। তবে ভাষার ব্যবধান দূর করতে নিজস্ব শিক্ষক দিলে আদিবাসীদের মধ্যে শিক্ষার হার অনেকটাই বেড়ে যেত।’সিলেটের আদিবাসী উন্নয়নমূলক সংস্থা এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অরগানাইজেশনের (একডো) নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ বলেন, ‘আদিবাসী এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে আদিবাসীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগের পাশাপাশি অ-আদিবাসী শিক্ষককে আদিবাসীদের সামাজিক মূল্যবোধ সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্য শিক্ষক প্রশিক্ষণ মডিউলে এ বিষয়ে একটি অধ্যায় সংযুক্ত করা উচিত। এটা সম্ভব হলে আদিবাসী শিশুদের শিক্ষার প্রতি দুর্বলতা তৈরি হবে এবং ঝরে পড়ার প্রবণতা রোধ হয়ে যাবে।’