সিলেটে আন্দোলন অব্যাহত আজ মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে দ্বিতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংস্কৃতিকর্মী ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। স্লোগান, বক্তব্য আর গানে গানে সব রাজাকারের ফাঁসির দাবি জানান আন্দোলনকারীরা।শহীদ মিনারের সামনে সিলেট নগরের কেন্দ্রস্থল সড়ক জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত মঙ্গলবার বিকেল থেকে শুরু হয় এই আন্দোলন। গতকালও বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত আন্দোলনকারীরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ শহীদ উল্লাহ তালুকদারের নেতৃত্বে ছাত্র ও শিক্ষকদের একটি দল গতকাল এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করে। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘কাদের মোল্লার রায়ে আমরা হতাশ ও অসন্তুষ্ট। আমাদের হতাশা দেখে তরুণেরা জেগে উঠেছে। কাদের মোল্লার ফাঁসি না হওয়া পর্যন্ত তরুণেরা ঘরে ফিরবে না।’সংক্ষুব্ধ নাগরিকের সংগঠক আবদুল করিম ও সংস্কৃতিকর্মী দেবাশীষ দেবুর সঞ্চালনায় উন্মুক্ত মঞ্চে আরও বক্তব্য দেন: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, সিলেট বিএমএর সহসভাপতি আবু ইউসুফ ভূঁইয়া, কোষাধ্যক্ষ সফির উদ্দিন আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জহির বিন আলম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জান্নাত আর খান, সিলেট মদনমোহন কলেজের শিক্ষক জয়ন্ত কুমার দাশ, খেলাঘর আসরের সংগঠক তাজুল ইসলাম বাঙালি, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি নূরুন নাহার প্রমুখ। তাঁদের বক্তব্যের ফাঁকে ফাঁকে চলে স্লোগান আর প্রতিবাদী গান।সন্ধ্যার পর সড়কের মধ্যে লাল ফুলের পাপড়ি ছিটিয়ে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে তাতে প্রদীপ প্রজ্বালন করা হয়। মানচিত্রের চারদিকে ‘রাজাকারমুক্ত বাংলাদেশ চাই’ স্লোগান প্রদর্শন করা হয়। আজ শুক্রবার বিকেলে একই স্থানে মহাসমাবেশ হবে। মহাসমাবেশ থেকে তরুণদের সম্মিলিত প্রতিবাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে আয়োজকেরা জানান।সিপিবি-বাসদের মিছিল: কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) গতকাল বিকেলে মিছিল করেছে। মিছিলটি নগরের চৌহাট্টা থেকে শুরু হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাবেশে পরিণত হয়। এতে বাসদ সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে আনোয়ার হোসেন, সচিব রণেন সরকার, জয়দীপ ভট্টাচার্য, মতিউর রহমান, তামান্না আহমদ প্রমুখ বক্তব্য দেন।