সিলেটে আবর্জনার স্তূপে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। যত্রতত্র বর্জ্য ফেলার কারণে নগরের জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে, নগরের রিকাবীবাজার এলাকার পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়, নয়াসড়ক এলাকার কিশোরীমোহন বালিকা উচ্চবিদ্যালয়, বন্দরবাজার এলাকায় দূর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মিরাবাজার এলাকায় মডেল হাইস্কুল ও কিশোরীমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশেই সিটি করপোরেশনের নির্ধারিত পাঁচটি বৃহ ৎ আঁস্তাকুড় (ডাস্টবিন) রয়েছে। এসব আঁস্তাকুড়ে দিনভর ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের বিদ্যালয়গুলোতে। শিক্ষার্থীরা জানিয়েছে, আঁস্তাকুড়ের ভেতর-বাইরে ময়লা-আবর্জনা ফেলে রাখার কারণে দুর্গন্ধে টিকে থাকা কষ্টকর। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ এই পথে যাতায়াতকারীদের নাক-মুখ চেপে এ স্থান অতিক্রম করতে হয়। এমনকি ময়লা-আবর্জনার গন্ধে বিদ্যালয়গুলোতে ক্লাস করতে অসুবিধা হয়।উর্বশী আবৃত্তি পরিষদের সভাপতি ও নগরের লামাবাজার এলাকার বাসিন্দা মোকাদ্দেস বাবুল ক্ষোভ প্রকাশ করে বলেন, নগরের যত্রতত্র বর্জ্য ফেলার কারণে আশপাশের পরিবেশ জনস্বাস্থ্যের জন্য বিরাট হুমকি হয়ে দেখা দিয়েছে। বর্জ্যগুলো যদি পরিকল্পনামাফিক বিজ্ঞানসম্মতভাবে অপসারণ করা না যায়, তাহলে কয়েক বছরের মধ্যে নগরে ভয়াবহ পরিবেশদূষণের ঘটনা ঘটবে।সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য শাখা সূত্রে জানা যায়, নগরের বর্জ্যগুলো দক্ষিণ সুরমার বর্জ্যভাগাড়ে জমা করা হয়। ভাগাড়ের এসব ময়লা-আবর্জনা অত্যাধুনিক প্রযুক্তিতে সংরক্ষণ করতে শিগগিরই বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। এ ব্যাপারে স্থানীয় সরকারের সঙ্গে একটি চুক্তিপত্রও সম্পন্ন হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, ‘সিলেট নগরে পরিবেশদূষণের প্রধান কারণ বর্জ্য ব্যবস্থাপনায় নানা অসংগতি। এর মধ্যে ক্লিনিক্যাল বর্জ্য নিয়ে খোদ বর্জ্য অপসারণকারী কর্তৃপক্ষ বিপাকে রয়েছে। শুধু আইন প্রয়োগ করে নয়, এ জন্য ক্লিনিকের মালিকদের সচেতনতা প্রয়োজন।’ সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘সিলেট নগরের ময়লা-আবর্জনা অপসারণ করতে রাতে ও সকালে দুইবার পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করে থাকেন। সকাল আটটার মধ্যে সব ময়লা পরিষ্কারের নির্দেশ রয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের পাশে ময়লা ফেলার যেসব নির্দিষ্ট স্থান রয়েছে, সেগুলো আগে থেকেই নির্ধারিত। ফলে ইচ্ছে করলেই এই ডাস্টবিনগুলো সরানো সম্ভব হচ্ছে না।’পথ চলতে সর্বত্র ময়লা-আবর্জনার দুর্গন্ধে নগরবাসী অতিষ্ঠ, এটি জানেন কি না এ প্রশ্নের জবাবে প্রধান প্রকৌশলী আরও বলেন, ‘দিনভর নগরবাসী যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে অনেক জায়গা অপরিচ্ছন্ন থাকে। তাই দুর্গন্ধ ছড়াচ্ছে। একটি ভ্রাম্যমাণ পরিচ্ছন্নতা দলের মাধ্যমে নির্ধারিত সময়ের বাইরেও দিনভর গুরুত্বপূর্ণ জায়গাগুলোর আবর্জনা কীভাবে সরানো যায়, সেটা ভেবে দেখব।’পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জিল্লুর রহমান। তিনি বলেন, ‘বর্জ্য পরিকল্পিতভাবে না ফেলায় একদিকে যেমন পরিবেশ অস্বাস্থ্যকর হচ্ছে, তেমনি রোগজীবাণুও ছড়াচ্ছে। বর্জ্যগুলো দিনের পর দিন না জমিয়ে নিয়মিত অপসারণ করতে সিটি করপোরেশনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা উচিত।’