সিলেটে আবহাওয়া অধিদপ্তরের সেই জমিতে দেয়াল নির্মাণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের আবহাওয়া অধিদপ্তরের জমিতে ব্যক্তিমালিকানার সাইনবোর্ড টাঙানোর প্রায় এক মাস পর দেয়াল নির্মাণ শুরু করেছে জমির মালিক দাবিদার পক্ষ। গতকাল সোমবার সকাল থেকে ২০-২৫ জন শ্রমিক ও কিছু পাহারাদার নিয়োগ করে জমিতে দেয়াল নির্মাণের কাজ শুরু হয়। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আরেকটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে জায়গা পুনরুদ্ধার বিষয়ে তিনি বলেন, ‘আইনি জটিলতা থাকায় আমরা হস্তক্ষেপ করতে পারছি না।’আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, ১৯৫২ সালে সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকার ৭ দশমিক ৭৮ একর জায়গার ওপর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন আবহাওয়া অধিদপ্তরের কার্যালয় স্থাপিত হয়। গত ৫ মার্চ ওই জায়গায় ব্যক্তিমালিকানার সাইনবোর্ড টাঙানোর মধ্য দিয়ে আবহাওয়া অধিদপ্তরের জমির দখল নেয় একটি মহল। এ বিষয়ে ৮ মার্চ প্রথম আলোয় ‘আবহাওয়া অধিদপ্তরের জায়গায় ব্যক্তিমালিকানার সাইনবোর্ড!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো ধরনের নির্মাণকাজ না করার নির্দেশ দেন।আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী প্রথম আলোকে জানান, এ জায়গা নিয়ে সিলেটের সহকারী জজ আদালতে একটি স্বত্ব মোকদ্দমা ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলা বিচারাধীন ছিল। গত ৩০ মার্চ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলার শুনানির তারিখ ধার্য ছিল। গতকাল দখলদার পক্ষের দেয়াল নির্মাণ করতে দেখে তিনি আদালতে ওই মামলার কার্যক্রম সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন। এ বিষয়টি আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসনকে জানানো হয়েছে। এ ব্যাপারে সিলেটের জিপি খাদেমুল মিল্লাত মোহাম্মদ জালাল বলেন, ‘এ জায়গা নিয়ে দুটো মামলা ছিল। একটি মামলার যদি আদেশও হয়, আরেকটি এখনো চলমান রয়েছে। এ অবস্থায় সরকারি জায়গার ব্যক্তিমালিকানা দাবি করা ঠিক না।’গতকাল বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ২০ থেকে ২৫ জন শ্রমিক জমিতে দেয়াল নির্মাণকাজ করছেন। মালিক দাবি করে কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। কয়েকজন এলাকাবাসী জানান, জায়গার মালিক একা কেউ নয়, একাধিক ব্যক্তিকে বিভিন্ন সময় এসে কাজ তদারকি করতে দেখা গেছে।