সিলেটে আবার পাথর কোয়ারিতে ধস, শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জে আবারও পাথর তোলার সময় গর্ত ধসে ফারুক আহমদ (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার উৎমা পাথর কোয়ারিতে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ নিয়ে দুই মাসের মধ্যে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় পৃথক ছয়টি গর্ত ধসের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৩।
নিহত ফারুক কোম্পানীগঞ্জের চটকনাবাজার গ্রামের আজিজুল ইসলামের ছেলে। উৎমা পাথর কোয়ারির ফয়েজ মিয়ার গর্তে তিনি কাজ করতেন।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল লাইছের নেতৃত্বে প্রশাসন ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গর্তটি বন্ধ করে দেয়। ইউএনও বলেন, নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, ফারুক দৈনিক মজুরির ভিত্তিতে ফয়েজ মিয়ার গর্তে পাথর তোলার কাজ করতেন। ঘটনার সময় তিনি গর্তের ধারে বসে পাথর তুলছিলেন। বেলা ১১টার দিকে হঠাৎ গর্ত ধসে তিনি নিচে পড়ে যান। প্রায় আধঘণ্টা পর পাথরচাপা অবস্থায় ফারুকের লাশ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আলতাফুর রহমান বলেন, গর্ত-মালিক ফয়েজ মিয়াকে ঘটনার পর থেকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পুলিশ হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।
১ মার্চ কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় ধসে এক পাথর ব্যবসায়ী নিহত হন। ২৩ জানুয়ারি এই টিলা কেটে পাথর তোলার সময় ধসে পাঁচ শ্রমিক নিহত হন। ১১ ফেব্রুয়ারি একই জায়গায় গর্ত ধসে নিহত হন আরও এক শ্রমিক। ৯ ফেব্রুয়ারি গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে নিহত হন তিন শ্রমিক। ১৯ ফেব্রুয়ারি একই উপজেলার জাফলংয়ে চুনা কোয়ারিতে দুই শ্রমিক মারা যান।