সিলেটে আবারও দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের মালনীছড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ নিয়ে গত নয় দিনে নগরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হলেন। গতকাল মঙ্গলবার রাতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক মো. খলিল উল্লাহ নিহত হন। তিনি নগরের ইলেকট্রিকসাপ্লাই এলাকার বাসিন্দা।

এর আগে ৭ জুন নগরের মাদানীবাগ এলাকায় স্বামী-স্ত্রী এবং পরদিন ৮ জুন শেখঘাট এলাকায় এক রিকশাচালক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টায় সিলেট-বিমানবন্দর সড়কের মালনীছড়া এলাকায় একটি ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের চালককে উদ্ধার করে স্থানীয় লোকজন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট মহানগরের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত হওয়ার পাশাপাশি অপর একজন আরোহী আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।