সিলেটে আবাসন সমস্যায় ৩০ হাজার শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পড়াশোনা ঠিকমতো হচ্ছে না। দিন-দুপুর কিংবা রাত-বিরাতে বন্ধুদের কেউ গান গাইছে, কেউ ঘুমাচ্ছে, কেউ তাস খেলছে, কেউ আড্ডা দিচ্ছে। অনেকে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সবই একসঙ্গে চলছে। পড়াশোনার পরিবেশ নেই বললেই চলে। তারপরও বাধ্য হয়ে মেসে থাকতে হচ্ছে। কারণ কলেজ হোস্টেলে জায়গা পাইনি।’ এভাবেই আবাসন সমস্যা সম্পর্কে নিজের ক্ষোভ প্রকাশ করেন সিলেটের এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী লিংকন দাস।শুধু লিংকন দাস নন, তাঁর মতো সিলেটের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়পড়ুয়া প্রায় ৩০ হাজার শিক্ষার্থী রয়েছেন আবাসন-সুবিধার বাইরে। ফলে এসব শিক্ষার্থীকে বাধ্য হয়ে মেসে থাকতে হচ্ছে। সিলেট সরকারি কলেজের প্রশাসনসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই কলেজের তিন সহস্রাধিক শিক্ষার্থীর বিপরীতে ছেলেদের হোস্টেলে ১২০ এবং মেয়েদের হোস্টেলে ১০০ শিক্ষার্থীর আবাসনের সুবিধা ছিল। ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ-শিবির সংঘর্ষে ছেলেদের হোস্টেলটি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে সেটি আর খুলে দেওয়া হয়নি। অন্যদিকে একই কলেজের মহিলা হোস্টেলটি প্রতিষ্ঠার পর থেকে গ্যাসসংযোগ ও হোস্টেলে যাওয়ার কোনো রাস্তা না থাকায় মহিলা হোস্টেলটি চালু করা সম্ভব হয়নি।কলেজটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইফতেখার আলম জানান, হোস্টেল থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা আবাসন-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এতে করে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।সংশ্লিষ্ট কলেজ-বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীর বিপরীতে আবাসন-সুবিধা পাচ্ছেন ৯৪৭ জন শিক্ষার্থী। আগামী জানুয়ারি মাস থেকে আরও ১২০ জন শিক্ষার্থী আবাসন-সুবিধা পাবেন। সিলেট সরকারি মহিলা কলেজের চার সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে আবাসন-সুবিধা রয়েছে মাত্র ৬০০ জনের। এ ছাড়া প্রায় সাড়ে ১১ হাজার শিক্ষার্থীর সুবৃহৎ মদনমোহন কলেজে কোনো হোস্টেল না থাকায় আবাসন-সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। সিলেট সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক অরুণ চন্দ্র পাল বলেন, ‘কলেজটিতে আবাসন-সংকট প্রকট আকার ধারণ করেছে। মহিলা কলেজ হওয়ায় শিক্ষার্থীরা ছেলেদের মতো যেখানে খুশি সেখানে মেস করেও থাকতে পারছে না। তাই জরুরি ভিত্তিতে আবাসন-সুবিধার বিষয়টি নিশ্চিত করা উচিত।’ মদনমোহন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক প্রণবকান্তি দেব বলেন, ‘আমাদের কলেজে মূলত মধ্যবিত্ত শিক্ষার্থীরা বেশি পড়াশোনা করছে। তাই কোনো হোস্টেল না থাকায় এ কলেজের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্টদের গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে আসা উচিত।’শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ছাত্র হলের প্রভোস্ট অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ক্রমবর্ধমান সিলেট শহরে দিন দিন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েই চলছে। এ অবস্থায় প্রতিষ্ঠানগুলোতে আবাসন-সুবিধা না পেয়ে শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে ভাড়া করা মেসবাড়িতে মানবেতরভাবে বসবাস করছে। তাই শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জরুরিভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন।’