সিলেটে আসামি ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, অস্ত্র ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদর উপজেলার শিবের বাজারের দখড়ি গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতি মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন জালালাবাদ থানার পুলিশের তিন সদস্য। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে একজন উপপরিদর্শকের হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ সময় হামলাকারীরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়। রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল বুধবার জালালাবাদ থানায় পুলিশ মামলা করেছে।

পুলিশ ও এলাকাবাসীর অনেকে জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে এসআই মাহবুবের নেতৃত্বে পাঁচ সদস্যের একদল পুলিশ দখড়ি গ্রামে ডাকাতি মামলার আসামিদের ধরতে যায়। এ সময় গ্রামের কিছু লোক পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্রসহ ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। এ সময় হামলাকারীদের একজনের দায়ের কোপে এসআই মাহমুদের ডান হাতের একটি বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। একপর্যায়ে এক পুলিশ কনস্টেবলের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে ঘণ্ট খানেক পর ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার করে। আহত পুলিশ সদস্যকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জালালাবাদ থানার ওসি জামাল উদ্দিন জানান, রাতে জুয়া খেলতে থাকা একদল লোক গ্রামবাসী কয়েকজনকে প্ররোচিত করে হামলা চালায়। হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে।