জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা সবচেয়ে ভালো করেছে বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্ম বিষয়ে। এ দুটি বিষয়ে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এরপরই শিক্ষার্থীরা ভালো করেছে জীবন ও কর্মমুখী শিক্ষা বিষয়ে। অন্যদিকে সবচেয়ে খারাপ করেছে ইংরেজি দ্বিতীয় পত্রে।
ফলাফল ঘেঁটে দেখা গেছে, জীবন ও কর্মমুখী শিক্ষা বিষয়ে ৯৯ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, অন্যদিকে ইংরেজি দ্বিতীয় পত্রে পাস করেছে ৯৫ দশমিক ১৫ শতাংশ শিক্ষার্থী। গত বৃহস্পতিবার এ ফল ঘোষণা করা হয়।
শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা গেছে, বাংলা প্রথম পত্রে ৯৯ দশমিক ৫৫ শতাংশ, বাংলা দ্বিতীয় পত্রে ৯৯ দশমিক ৫০ শতাংশ, ইংরেজি প্রথম পত্রে ৯৮ দশমিক ০৯ শতাংশ, গণিতে ৯৮ দশমিক ৪২ শতাংশ, ধর্মে (ইসলাম) ৯৯ দশমিক ৭৮ শতাংশ, ধর্মে (হিন্দু) ৯৯ দশমিক ৯১ শতাংশ, সাধারণ বিজ্ঞানে ৯৯ দশমিক ২৪ শতাংশ, কৃষিশিক্ষায় ৯৯ দশমিক ৫২ শতাংশ, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যে ৯৯ দশমিক ৯২ শতাংশ, চারু ও কারুকলায় ৯৯ দশমিক ০৩ শতাংশ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ৯৯ দশমিক ৭৩ শতাংশ, গার্হস্থ্য বিজ্ঞানে ৯৯ দশমিক ৯২ শতাংশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ৯৯ দশমিক ৮৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
সিলেট শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, অতীতে গণিতে বেশি শিক্ষার্থীরা খারাপ ফল করত। এবার গণিতে তুলনামূলকভাবে শিক্ষার্থীরা ভালো করেছে। তবে ইংরেজি দ্বিতীয় পত্রে কেন শিক্ষার্থীরা তুলনামূলকভাবে খারাপ ফল করল, সেটি খতিয়ে দেখে ভবিষ্যতে তা কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে।