সিলেটে ইউনিপেটুইউর এমডিসহ নয়জনের বিরুদ্ধে আরও মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিপেটুইউর ব্যবস্থাপনা পরিচালকসহ নয়জনের নামে সিলেটে আরও একটি প্রতারণার মামলা করা হয়েছে। গতকাল রোববার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে নগরের পশ্চিম পীরমহল্লার বাসিন্দা ইউনিপেটুইউয়ের একজন বিনিয়োগকারী এ মামলা করেন। আদালতে বাদীর পক্ষে মামলা দায়েরকারী আইনজীবী আরিফ আহমদ আবদুল্লাহ জানান, মামলাটি আমলে নিয়ে এক আদেশে আগামী ৩১ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে সিলেট কোতোয়ালি থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সিলেট নগরের পশ্চিম পীরমহল্লার বাসিন্দা মামলার বাদী এইচ এম প্রভিনুজ্জামান মামলায় উল্লেখ করেন, বিনিয়োগ করলে স্বর্ণ দেওয়া হবে—এমন প্রচার দিয়ে ইউনিপেটুইউর বাংলাদেশ এজেন্টরা তাঁকে প্রলুব্ধ করেন। দ্বিগুণ লাভের কথা বলে তাঁর কাছ থেকে পাঁচ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা নগদ নেওয়া হয়। কিন্তু মূলধন ও লাভ কোনোটাই আর না পেয়ে তিনি প্রতারণামূলকভাবে টাকা আত্মসাতের অভিযোগ তুলে মামলা করতে বাধ্য হন। মামলায় আসামিরা হলেন, ইউনিপেটুইউ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাসির হোসেন ওরফে ইমন, চেয়ারম্যান শহিদুজ্জামান শাহিন, উপদেষ্টা মিটু চীেধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর (অব.) আবদুল মুকিত, মহাব্যবস্থাপক জামশেদুর রহমান, ইউনিপেটুইউয়ের সিলেট কার্যালয়ের ইনচার্জ সহিদুল ইসলাম সহিদ, সিলেট কার্যালয়ের প্রোডাক্ট সরবরাহকারী সালাউদ্দিন আহমদ, ইউনিপেটুইউয়ের সিলেটের এজেন্ট আসাদুজ্জামান জুয়েল ও আবু বক্কার সিদ্দিকী। সিলেটের আদালতে এর আগে ইউনিপেটুইউয়ের বিরুদ্ধে আরও দুটি প্রতারণার মামলা হয়েছে এবং দুটিই আদালতের নির্দেশে তদন্তনাধীন রয়েছে।