সিলেটে ইফতারসামগ্রীতে ক্ষতিকর রঙের ব্যবহার
সিলেটে ইফতারসামগ্রীতে অবাধে ক্ষতিকর রং ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। রং মেশানোয় এসব সামগ্রী দেখতে আকর্ষণীয় হয়। ফলে এসব পণ্যের কদর বেড়ে যায়। তবে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রাসায়নিক মিশিয়ে প্রস্তুত করা খাবার বর্জনের আহ্বান জানিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা, চৌহাট্টা, রিকাবীবাজার, শিবগঞ্জ, মীরাবাজার, টিলাগড়, সুবিদবাজার, পাঠানটোলা, কাজলশাহ, লালদীঘিরপাড়, কালীঘাট, সুরমা মার্কেট, কাজিরবাজার, বারুতখানাসহ শতাধিক এলাকায় খোলাবাজারে ইফতারসামগ্রী বিক্রি হচ্ছে। এসব এলাকায় কারিগরেরা প্রকাশ্যে রাসায়নিক মিশিয়ে জিলাপি, পেঁয়াজু, বেগুনি, চপসহ বিভিন্ন সামগ্রী তৈরি করছেন।
ইফতারি তৈরির কাজে নিয়োজিত একাধিক কারিগর জানান, জিলাপি ও পেঁয়াজু তৈরির উপকরণ ময়দা ও ডালের গুঁড়ায় বাসন্তী রং ব্যবহার করা হয়। এতে এগুলোর ঔজ্জ্বল্য বাড়ে। বেগুনি তৈরির বেসন, চপসহ ময়দাজাত বিভিন্ন সামগ্রীতেও বাসন্তী রং ব্যবহার করা হয়। এ ছাড়া প্রস্তুত করা পণ্য মচমচে, তাজা ও কড়কড়ে রাখতে তেলের সঙ্গে পোড়া মবিল মেশানো হয়।
বন্দরবাজার এলাকার ফুটপাতে স্থাপিত একটি ভ্রাম্যমাণ ইফতারি দোকানের কারিগর আনোয়ার হোসেন বলেন, ‘সব কারিগরই বাসন্তী রং ব্যবহার করেন। এই রং দিলে মালটা (ইফতারসামগ্রী) আরও ভালা অয়।’ তিনি জানান, মিষ্টি তৈরিতে চিনির তৈরি শিরায় (রস) ফরমালিন মিশ্রিত তরল ব্যবহার করা হয়। এটি ব্যবহার করলে মিষ্টি অনেক দিন ভালো থাকে।
অনুসন্ধানে জানা গেছে, বাসন্তী রং ও তরল রাসায়নিক নগরের মহাজনপট্টি, কালীঘাট ও বন্দরবাজার এলাকার বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায়। মহাজনপট্টি এলাকার একটি দোকানে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজান মাসে বাসন্তী রং বিক্রির পরিমাণ বেড়ে গেছে।
সিলেটের সিভিল সার্জন আজাহারুল ইসলাম বলেন, ‘বাসন্তী রং অত্যন্ত নিম্নমানের রাসায়নিক। খাবারে এটির ব্যবহার অবশ্যই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। পোড়া মবিল দিয়ে তৈরি করা ইফতারসামগ্রী এবং ফরমালিন মিশিয়ে প্রস্তুত করা মিষ্টি খেলে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। এ ছাড়া এসব রাসায়নিক মিশ্রিত সামগ্রী খেলে গ্যাস্ট্রিক, আমাশয়, জন্ডিস, পেটের পীড়া এবং খাদ্যনালি, পাকস্থলী ও মুখগহ্বরে ক্যানসার হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে, শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের জন্য এটি খুবই ক্ষতিকর। তাই এসব পণ্য খাবারের তালিকা থেকে বাদ দেওয়া উচিত।’
নগরের জিন্দাবাজার এলাকায় কথা হয় ইফতারসামগ্রী কিনতে আসা স্কুলশিক্ষক লিটন আহমদের সঙ্গে। তিনি বলেন, ‘পোড়া মবিল দিয়ে ইফতারসামগ্রী ভাজা হয়। বাসন্তী রং দিয়ে জিলাপি বানানো হয়। এটা প্রায় জানা কথা। তাই আমি ইফতারের সময় এসব পণ্য বর্জন করি। আর একান্তই কিনতে হলে ভালো ও উন্নতমানের দোকান থেকে কিনি।’
এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, ‘রমজান মাস উপলক্ষে জেলা প্রশাসন প্রায় প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। ইফতার ও মিষ্টিজাত সামগ্রীতে বাসন্তী রং, ফরমালিন ও পোড়া মবিল ব্যবহারকারীদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে।’