সিলেটে ঈদবাজার, রাতেই জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার (২১ জুলাই) রাত একটা। সিলেট নগরের গুরুত্বপূর্ণ বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় তীব্র যানজট।
ঘণ্টা দেড়েক রিকশায় বসে থাকার পর স্ত্রীকে নিয়ে নেমে পড়লেন ব্যাংক কর্মকর্তা ফারুক মিয়া। হাতে সন্তান-আত্মীয়স্বজনদের জন্য কেনা ঈদের নতুন কাপড়ের মোড়ক।
ফারুক মিয়া জানান, ইফতারের পর স্ত্রীকে নিয়ে তিনি কেনাকাটা করতে জিন্দাবাজার এলাকায় এসেছিলেন। মধ্যরাত পর্যন্ত বিভিন্ন দোকান ঘুরে যাচাই-বাছাই করে কেনাকাটা করেছেন। কাপড়, জুতা, কসমেটিকসসহ বিভিন্ন সামগ্রী কিনেছেন।
এ দম্পত্তির মতে, সিলেটে দিনের চেয়ে রাতের বেলাই ঈদবাজার জমজমাট বেশি। অন্য সবার মতো তাই রাতেই কেনাকাটা করতে এসেছেন।
এর আগে রাত সাড়ে ১২টায় বন্দরবাজার এলাকায় কথা হয় স্কুলশিক্ষিকা সায়েরা খাতুনের সঙ্গে। তিনি দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন।
সায়েরা বলেন, ‘মধ্যবিত্ত মানুষ আমরা। নির্দিষ্ট বাজেটের মধ্যে সবার জন্যই পোশাক কিনছি। মেয়েদের জন্য থ্রি-পিস, স্বামী ও ছেলের জন্য পাঞ্জাবি এবং নিজের জন্য একটি শাড়ি কিনেছি।’
নগরের জিন্দাবাজার এলাকার মেসার্স রাজ সুজের স্বত্বাধিকারী মান্না চৌধুরী বলেন, ‘সিলেটে দিনের চেয়ে রাতেই ক্রেতাদের সমাগম বেশি হয়। তাই দিনে কিছুটা অলস সময় কাটালেও রাতে আমাদের ব্যস্ততা অনেকটাই বেড়ে যায়। সপ্তাহ খানেক ধরে রাত দুইটা-তিনটায় দোকান বন্ধ করছি। ঈদ উপলক্ষে আমরা বিশেষ ছাড়ও দিয়েছি।’
একাধিক ক্রেতা ও বিক্রেতারা জানান, দীর্ঘদিন ধরেই সিলেটে যেকোনো উৎসব-পার্বণে রাতের বেলা বিপণিবিতানগুলো বেশি জমজমাট থাকে। এবারও ব্যতিক্রম নয়।
ইফতার শেষে ক্রেতারা বিপণিবিতানগুলোতে ভিড় করছেন। সরেজমিনে দেখা গেছে, নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, লামাবাজার, নয়াসড়ক, বারুতখানা, কুমারপাড়া, চৌহাট্টা, আম্বরখানা, শিবগঞ্জ, পাঠানটোলা, সুবিদবাজার এলাকার বিপণিবিতানগুলোতে ঈদবাজার জমজমাট রূপ নিয়েছে।
ব্যবসায়ীরা জানান, তরুণীদের চাহিদার শীর্ষে রয়েছে ভারতীয় চ্যানেল স্টার জলসার প্রচারিত বিভিন্ন নাটকের চরিত্রগুলোর পরনের পোশাক। এর মধ্যে ‘পাখি’ পোশাকের প্রতি তরুণীদের আগ্রহ বেশি।
এর বাইরে থ্রি-পিস, ফতুয়া, ইমিটেশনের গয়নার প্রতিও তাদের আগ্রহ রয়েছে। তরুণেরা নতুন নকশার পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট ও জিনস প্যান্টের পাশাপাশি বাজারে নতুন আসা সেলফোন, পেনড্রাইভ, ইলেকট্রনিকস ও কম্পিউটার-সামগ্রী কিনছেন। পুরুষ ও নারীরা নানা নকশার পাঞ্জাবি ও শাড়ি কিনছেন।
দিনের চেয়ে রাতে বাজার জমে ওঠার কারণ সম্পর্কে নগরের লামাবাজার এলাকার ‘ষড়্ঋতু’ কাপড়ের দোকানের স্বত্বাধিকারী নাজমা পারভীন প্রথম আলোকে বলেন, ‘প্রবাসী-অধ্যুষিত এলাকা হওয়ায় এখানকার মানুষ একটু আরামপ্রিয়।
তাই রাতের বেলা মানুষেরা কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। সে বিবেচনায় ব্যবসায়ীরাও দোকানপাট গভীর রাত পর্যন্ত খোলা রাখেন।’
ঈদ উপলক্ষে ষড়্ঋতুতে দেশীয় কাপড়ের ঐতিহ্যকে বিশেষভাবে বিবেচনায় রাখা হয়েছে বলে নাজমা পারভীন জানিয়েছেন। তিনি জানান, টাঙ্গাইলের তাঁতিদের বোনা শাড়ি, কুমিল্লার খাদি ও বাটিক এবং সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরি কাপড়ের টানে ক্রেতারা তাঁদের দোকানে ভিড় করছেন বেশি। এর বাইরেও শিশু, তরুণী, নারী ও ছেলেদের নানা সামগ্রীও রয়েছে।