সিলেটে ঈদবাজারে মণিপুরি কাপড়ের আলাদা কদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মণিপুরি কাপড় নামেই পরিচিত। ঈদবাজারে সিলেটে স্থানীয়ভাবে উৎপাদিত এ কাপড়ের প্রতি ক্রেতাদের বিশেষ ঝোঁক রয়েছে। নগরের মণিপুরি কাপড়ের দোকানে এখন দিন-রাত উপচে পড়া ভিড়। বিক্রেতারা বলছেন, নকশা ও বৈচিত্র্যের কারণে মণিপুরি পোশাক বিক্রি হচ্ছে ভালো।

নগরের লামাবাজার এলাকায় সড়কের দুই পাশে অন্তত ৩০টি মণিপুরি পোশাক ও কাপড় বিক্রির দোকান রয়েছে। গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, প্রায় সব দোকানেই একই মান, দাম ও নকশার কাপড় বিক্রি হচ্ছে। দাম তুলনামূলকভাবে কম হওয়ায় নানা শ্রেণির মানুষ এসব কাপড় কিনছেন। নারীরা বিশেষ করে শাড়ি ও থ্রি-পিস কিনছেন। শাড়ির দাম ১ হাজার ২৫০ থেকে সাড়ে ৩ হাজার টাকা, থ্রি-পিস ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা। ওড়না, বিছানার চাদর ও গামছারও চাহিদা রয়েছে। গামছা ৯০ থেকে ১৯০, বিছানার চাদর ৭০০ থেকে ১ হাজার ৫০০, ওড়না ৩২০ থেকে ১ হাজার ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

শাহনাজ আক্তার নামের এক নারী বললেন, ‘অ-সিলেটি দুই বান্ধবীকে এবার ঈদের উপহার হিসেবে শাড়ি পাঠাব। তাই দুই রঙের দুটি মণিপুরি শাড়ি কিনলাম। দামও তুলনামূলক সস্তা। নিশ্চয়ই ঐতিহ্যের মিশেলে উৎপাদিত এসব শাড়ি পেয়ে তারা খুশি হবে।’

শ্রীঅঙ্গ মণিপুরি ফ্যাশনের স্বত্বাধিকারী অনুপ পাল চৌধুরী বলেন, এবারের ঈদেও মণিপুরি কাপড়ের যথেষ্ট চাহিদা রয়েছে। তবে গতবারের তুলনায় এবার বিক্রির পরিমাণ কিছুটা কমেছে। সিলেটের হাওরে ফসলডুবিকেই এর প্রধান কারণ বলে মনে করছেন তিনি।

২০১৪ সালে মণিপুরি নারী তাঁতশিল্পীদের সম্মিলিত প্রচেষ্টায় ‘মোইরাং’ নামের একটি প্রতিষ্ঠান চালু হয়। নগরের শিবগঞ্জ এলাকার এ ব্র্যান্ডের পৃষ্ঠপোষক এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো)। এর পণ্য শোরুমের পাশাপাশি লামাবাজার এলাকার দেশি কাপড়ের প্রতিষ্ঠান ‘ষড়্‌ঋতু’তেও পাওয়া যাচ্ছে।

ষড়্ঋতুর প্রধান নির্বাহী হুমায়ূন কবীর বলেন, অন্যান্য মণিপুরি কাপড়ের তুলনায় মোইরাং ব্র্যান্ডের কাপড়ের দাম একটু বেশি। তবে বৈচিত্র্যময় নকশায় করা শাড়িগুলোর সুতা খুবই উন্নতমানের। তাই ঈদবাজারেও এসব কাপড় বেশ বিক্রি হচ্ছে। মোইরাংয়ের তাঁতশিল্পীদের উৎপাদিত শাড়ির দাম ৩ হাজার ৮০০ থেকে ৫ হাজার ৩০০ টাকা বলে জানান তিনি।

মণিপুরি ভাষা, গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি এ কে শেরাম বলেন, দ্বাদশ শতাব্দীতে ভারতের মণিপুরের রাজকন্যা থৈবী সূক্ষ্ম কারুকাজের সাহায্যে মণিপুরি পোশাক তৈরি করতেন। সে ঐতিহ্য ধরে রেখেছেন মণিপুরি নারীরা। আগে কেবল মণিপুরিদের মধ্যে এ কাপড়ের চাহিদা ছিল। এখন ধর্ম-বর্ণনির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। তিনি আরও বলেন, মণিপুরি তাঁতিদের অনেকেই দরিদ্র। তাই কিছু ব্যবসায়ী মণিপুরিদের কাছে সব উপকরণ আগাম দিয়ে কম মূল্যে কাপড় বানিয়ে নিয়ে যাচ্ছেন। এতে ওই মধ্যস্বত্বভোগীরাই বেশি লাভবান হচ্ছেন। তা ছাড়া এখন মণিপুরি নকশায় মেশিনে শাড়ি উৎপাদন হচ্ছে। ফলে তাঁতিরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।