সিলেটে ঈদের দখল পাহারায় পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার দখল হয়ে গেছে সিলেট নগরের ফুটপাত ও সড়ক। ছবিটি নগরের বন্দরবাজার এলাকা থেকে সোমবার তোলা l প্রথম আলো
আবার দখল হয়ে গেছে সিলেট নগরের ফুটপাত ও সড়ক। ছবিটি নগরের বন্দরবাজার এলাকা থেকে সোমবার তোলা l প্রথম আলো

সিলেটের ফুটপাতগুলো আবার দখল হয়ে গেছে। ঈদের বাজার সামনে রেখে নগরের ২৭টি ওয়ার্ডের অন্তত ২৫ কিলোমিটার ফুটপাত দখল করে ব্যবসা করছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা।
সেই ফুটপাত দখলমুক্ত করার বদলে পুলিশ ব্যবসায়ীদের রীতিমতো পাহারা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি রাজনৈতিক নেতাদের মদদ ও সিটি করপোরেশন কর্তৃপক্ষের উদাসীনতাকেও দায়ী করা হচ্ছে। ঈদের বাজার পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে গিয়ে এ চিত্র পাওয়া গেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, সিটি পয়েন্ট, লালদিঘিরপাড়, আম্বরখানা, শাহী ঈদগাহ, মীরাবাজার, সুরমা মার্কেট, লামাবাজার, রিকাবীবাজার, সুবিদবাজার, পাঠানটোলা, টিলাগড়, কদমতলী, ভার্তখলা, রেলস্টেশন এলাকার ফুটপাতের সব জায়গাই দখল হয়ে গেছে। বেদখল হয়ে পড়া ফুটপাতে শাকসবজি, ফলমূল, কাপড়চোপড়, জুতা, সিডি-ভিসিডি ও প্রসাধন সামগ্রী দেদার বিক্রি হচ্ছে। ফুটপাত ও সড়কের ওপর বাজার বসায় এসব স্থানে সার্বক্ষণিক যানজট লেগে আছে। ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী ও যাত্রীদের।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, নগরের আয়তন ৩৬ দশমিক ৫ বর্গকিলোমিটার। এর মধ্যে রাস্তা রয়েছে ৫৬৮ কিলোমিটার। নগরের ২৭টি ওয়ার্ডে সিটি করপোরেশনের ৪৫ কিলোমিটার ফুটপাত রয়েছে। এর মধ্যে ঈদকে সামনে রেখে ৫০ ভাগেরও বেশি ফুটপাত ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে চলে গেছে। এসব স্থানে প্রায় ৭০০ থেকে ৮০০টি ভ্রাম্যমাণ দোকান গড়ে উঠেছে বলে সিটি করপোরেশন কর্তৃপক্ষের ধারণা। আরও কিছুদিনের মধ্যে অন্তত ৮০ ভাগ ফুটপাত দখল হওয়ার আশঙ্কা করছে সিটি কর্তৃপক্ষ। ফুটপাত দখলমুক্ত রাখতে মহানগর পুলিশের যথাযথ উদ্যোগের অভাবকেও দায়ী করেছেন সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তা।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ফুটপাত উচ্ছেদ নিয়ে পুলিশ প্রশাসন সিটি করপোরেশনকে দায়ী করে। আবার সিটি করপোরেশন পুলিশ প্রশাসনকে দায়ী করে। এভাবে দোষাদোষী করে কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই ঈদের মধ্যেই কীভাবে ফুটপাত দখলমুক্ত করা যায়, সেটির যৌথ উদ্যোগ নিতে সিটি করপোরেশন এবং পুলিশ প্রশাসন কার্যকর আলোচনা শুরু করেছে।
নগরের কয়েকজন বাসিন্দার অভিযোগ, ফুটপাতগুলো বেদখল হয়ে পড়ায় পথচারীরা মূল সড়ক দিয়ে হেঁটে চলাচল করেন। এতে প্রায়ই যানজট দেখা দেয়। গত সোমবার দুপুরে বন্দরবাজার এলাকায় কথা হয় লামাপাড়া এলাকার বাসিন্দা মতিয়ার ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘ফুটপাত হকারমুক্ত হওয়ায় কিছুদিন শান্তিতে হাঁটতে পেরেছিলাম। এখন ফুটপাত আবার আগের অবস্থায় ফিরে গেছে। তাই এখন যানবাহনের সঙ্গে প্রায় ঘেঁষাঘেঁষি করে পথচারীদের হাঁটতে হয়।’
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা ও আম্বরখানা এলাকার আটজন হকারের সঙ্গে কথা হয়। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, মূলত পুলিশের পৃষ্ঠপোষকতায় পুনরায় ফুটপাতগুলো দখল করে নেওয়া হয়েছে। এর জন্য প্রতিদিন পুলিশের মনোনীত প্রতিনিধিকে ফুটপাত দখলে ব্যবহৃত টেবিলপ্রতি ৩০ টাকা করে দেওয়া হয়। তবে ঈদের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এ উৎকোচের পরিমাণ আরও বাড়বে। ফুটপাতের প্রভাবশালী ও নেতৃস্থানীয় ব্যবসায়ীকেই মূলত পুলিশ প্রতিনিধি হিসেবে বেছে নেওয়া হয়। এ অবস্থায় নগরের বিভিন্ন এলাকার অন্তত ২৫ থেকে ৩০ জন মনোনীত প্রতিনিধি ৫০০ থেকে ৮০০ ভ্রাম্যমাণ ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা তুলে থাকেন।
তবে পুলিশের বিরুদ্ধে পৃষ্ঠপোষকতার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের অভিযোগ ঠিক নয়। আর যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে তথ্যপ্রমাণসহ ফুটপাত দখলে পৃষ্ঠপোষকতার অভিযোগ কেউ করেন, তবে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’ রহমত উল্লাহ আরও বলেন, ‘পুলিশ নিয়মিতই ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করছে। একবার উচ্ছেদ অভিযান চালালে পরক্ষণেই তাঁরা বসে পড়েন। তাই সিটি করপোরেশন কর্তৃপক্ষ নজরদারি বাড়ালে ফুটপাত দখলমুক্ত রাখা সম্ভব হবে।’
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, আরিফুল হক চৌধুরী স্বতঃপ্রণোদিত হয়ে ফুটপাত উচ্ছেদে নেমেছিলেন। তবে ফুটপাত দখলমুক্ত রাখা সিটি করপোরেশনের কাজ নয়, এটি পুলিশ প্রশাসনের কাজ। প্রয়োজনে পুলিশ বিভাগ জেলা প্রশাসনের সাহায্য নিতে পারে। এ ক্ষেত্রে ফুটপাত উচ্ছেদে পুলিশের যদি যানবাহন কিংবা শ্রমিকের চাহিদা থাকে, সেটা সিটি কর্তৃপক্ষ সরবরাহ করবে।