সিলেটে উর্বশী পদক পেলেন আট গুণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের উর্বশী আবৃত্তি পরিষদের রজতজয়ন্তী উপলক্ষে আট গুণীকে ‘উর্বশী পদক’ প্রদান করা হয়েছে। সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য তাঁদের এ সম্মাননা জানানো হয়। পদক প্রদান অনুষ্ঠান ছাড়াও ছিল আবৃত্তি, নৃত্য ও যন্ত্রসংগীতের পরিবেশনা। গতকাল শুক্রবার বিকেলে নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে ছিল এ আয়োজন।
বেলা সাড়ে পাঁচটায় মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। সংগঠনের সহসভাপতি ফয়সল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে আট গুণী ব্যক্তিকে সম্মাননা পদক তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন যন্ত্রসংগীতশিল্পী এনামুল কবির, আবৃত্তিকার শামীমা চৌধুরী, বেলায়েত হোসেন, মীর বরকত, রাশেদ হাসান, ছড়াকার শাহাদত বখ্ত শাহেদ, নাট্যব্যক্তিত্ব মিশফাক আহমদ চৌধুরী ও রজতকান্তি গুপ্ত। এর আগে বিপুল শর্মার পরিচালনায় ছন্দ নৃত্যালয়ের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
উদ্বোধনী পর্ব শেষে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হয় বিশিষ্ট আবৃত্তিকারদের পরিবেশনা। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা আবৃত্তিশিল্পীদের পাশাপাশি স্থানীয় লোকজনও এ পর্বে অংশ নেন। ‘মৃত্তিকায় ছুঁয়ে যায় আমাদের কণ্ঠ আদিম সাম্যবাদী গানে’ শীর্ষক এ পর্বে আবৃত্তিকার রেজিনা ওয়ালী লীনা, কাজী মাহতাব সুমন, নন্দিতা দত্ত, নাজমা পারভীন প্রমুখ অংশ নেন। সবশেষে সমাপনী বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি মোকাদ্দেস বাবুল। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছে সিলেট সিটি করপোরেশন ও দেশী দশ।
‘আর যাব না জলে’
একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী প্রয়াত রামকানাই দাশ রচিত গানের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘আর যাব না জলে’ শীর্ষক অনুষ্ঠান গতকাল শেষ হয়েছে। অর্ধশতাধিক প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণের মধ্য দিয়ে সংগীত পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত এ কর্মশালা শেষ হলো। সন্ধ্যা ছয়টায় নগরের কিনব্রিজ এলাকার সম্মিলিত নাট্য পরিষদের মহড়াকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আরশ আলী। অধ্যাপক নাজিয়া চৌধুরীর সভাপতিত্বে শিশুসাহিত্যিক তুষার কর, সংগঠনের সাধারণ সম্পাদক পিনুসেন দাশ, মামুন পারভেজ প্রমুখ বক্তব্য দেন।