সিলেটে এএসআইয়ের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে পুলিশের একজন সহকারী উপপরিদর্শকের (এএসআই) রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুল হক (৪৮)। গত বুধবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার ধরদরাপুর এলাকায় দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ জানতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী, শাশুড়িসহ তিনজনকে আটক করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, সিলেটের আদালতপাড়ায় কর্তব্যরত এএসআই আবদুল হক তাঁর দ্বিতীয় স্ত্রীর বাসায় থাকতেন। হবিগঞ্জের বাসিন্দা আবদুল হকের প্রথম স্ত্রী গ্রামের বাড়ি কাশিমপুরে থাকেন। বুধবার রাত একটায় তিনি বাসায় গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার একদল পুলিশ আবদুল হকের মরদেহ উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অঞ্জন রায় জানান, বুধবার দিনে ও রাতের পালায় দায়িত্ব পালন শেষে সুস্থ শরীরে আবদুল হক বাসায় যান। সেখানে গিয়েই মৃত্যু হওয়ায় সহকর্মীদের মনে রহস্যের সৃষ্টি হয়। এ ব্যাপারে জানতে দ্বিতীয় স্ত্রী, শাশুড়ি ও হাসান নামে প্রতিবেশী এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত্যুর ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।