সিলেটে এক বছরে রিকশা ভাড়া বেড়েছে দ্বিগুণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ নগরে ‘রিকশা ভাড়ানির্ধারণী নীতিমালা’ প্রণয়ন না করায় চালক ও যাত্রীদের প্রতিনিয়ত বাগিবতণ্ডার মুখোমুখি হতে হচ্ছে। যাত্রীদের অভিযোগ, ভাড়া নির্ধারিত না থাকায় চালকেরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। গত এক বছরে নগরে রিকশাভাড়া প্রায় দ্বিগুণ বেড়েছে বলে যাত্রীরা জানিয়েছেন।ভুক্তভোগীরা জানান, সিটি করপোরেশন কর্তৃপক্ষকে একাধিকবার ভাড়ানির্ধারণী নীতিমালা প্রস্তুতের জন্য বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা স্মারকলিপি দেন। মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রতিবারই সংশ্লিষ্ট ব্যক্তিরা শিগগিরই ভাড়া নির্ধারণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। কিন্তু তা আর বাস্তবে দেখা যায়নি। এতে করে চালক ও যাত্রীদের মধ্যে নিয়মিত তর্ক-বিতর্ক থেকে হাতাহাতি হচ্ছে। পশ্চিম পীরমহল্লা এলাকার বাসিন্দা বখতিয়ার খান বলেন, ‘এক বছর আগেও রিকশায় চেপে যে স্থানে ১৫ টাকায় গিয়েছি, এখন সেখানে যেতে দ্বিগুণের বেশি ভাড়া গুনতে হচ্ছে। নিরুপায় হয়ে চালকদের দাবি করা অযৌক্তিক ভাড়া দিয়েই যেতে হচ্ছে।’ নাইওরপুল এলাকার বাসিন্দা মাসুদ করিম বলেন, ‘রিকশায় করে নাইওরপুল থেকে বারুতখানা যেতে সময় লাগে পাঁচ মিনিটের মতো। সেখানে রিকশাভাড়া পাঁচ টাকাই বেশি। অথচ কয়েক দিন ধরে সেখানেই ১০ টাকা দিয়ে যেতে হচ্ছে।’সিলেটে বসবাসরত শাল্লা উপজেলাবাসীর সংগঠন শাল্লা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মলয়কান্তি সরকার বলেন, ‘রিকশাচালকদের কাছে নগরবাসী রীতিমতো জিম্মি। এই এলাকা লন্ডনপ্রবাসী-অধ্যুষিত হওয়ায় রিকশাচালকেরাও ভাবেন, সবাই বুঝি লন্ডনি। তাই চালকেরা অযৌক্তিক ভাড়া দাবি করে থাকেন।’সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ‘রিকশা ভাড়ানির্ধারণী নীতিমালা’ সাইনবোর্ড আকারে সাঁটানো হয়েছিল। সাইনবোর্ড সাঁটানো হলেও সে অনুযায়ী কোনো রিকশাচালক যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করেননি। সম্প্রতি এক দুপুরে নগরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে কোথাও সিটি করপোরেশনের ভাড়াসংবলিত তালিকার সাইনবোর্ডের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বালুচর এলাকার রিকশাচালক রহিমুদ্দিন জানান, রিকশামালিকদের আগের তুলনায় দ্বিগুণ বেশি ভাড়া দিতে হচ্ছে। বাসাভাড়া থেকে দ্রব্যমূল্য—সব কিছু বেড়ে যাওয়ায় পাল্লা দিয়ে রিকশাভাড়াও বেড়েছে। শাহী ঈদগাহ এলাকার রিকশাচালক আবদুল কাদির বলেন, ‘দিন বদলাইছে। সবতার দাম বাড়তাছে, আর রিকশাভাড়া বাড়লেই খালি চিল্লাচিল্লি।’সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত বলেন, ‘মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীর চলাচলের প্রধান বাহন হচ্ছে রিকশা। এর ভাড়া যেভাবে বেড়েই চলছে, এতে করে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। পাঁচ টাকার ভাড়া এক লাফে ১০ টাকা বাড়িয়ে ১৫ টাকা করা হচ্ছে।’সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমলে ভাড়াসংবলিত কিছু সাইনবোর্ড সাঁটানো হয়েছিল। পরে ভাড়ার নীতিমালায় একটু সংযোজন-বিয়োজন করে জনবান্ধব করার উপযোগী করে তুলতে একজন ওয়ার্ড কাউন্সিলরকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। কিন্তু এ কমিটি এখন পর্যন্ত ভাড়া নীতিমালা চূড়ান্ত করতে পারেনি। শিগগিরই যাতে এ নীতিমালা চূড়ান্ত হয়, সে ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’