সিলেটে এক বিচারকের আদালত বর্জন করছেন আইনজীবীরা
সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয়) আদালতের বিচারক মো. বেলায়েত উল্লাহর আদালত গত বৃহস্পতিবার থেকে বর্জন করছেন আইনজীবীরা।জেলা আইনজীবী সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বুধবার সমিতির একটি তলবি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম। সভায় সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের অধীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয়) আদালতসহ অন্যান্য আদালতের অনিয়ম ও দুর্নীতি নিয়ে আলোচনা হয়। সমিতির সাধারণ সম্পাদক এ কে এম সমিউল আলমের সঞ্চালনায় মোট ১৪ জন সভায় বক্তব্য দেন। পরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বেলায়েত উল্লাহর আদালত বর্জনের সিদ্ধান্ত হয়।সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘সভায় সর্বসম্মতিক্রমে ওই সিদ্ধান্ত হয়েছে। সভার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, আইনমন্ত্রী ও আইনসচিবসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।’