সিলেটে এক ব্যবসায়ীকে গুলি করে চার লাখ টাকা ছিনতাই
সিলেট বিমানবন্দর সড়কে গুলি করে এক ব্যবসায়ীর চার লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল শনিবার দুপুরে বিমানবন্দর সড়কের সিলেট ক্যাডেট কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী নূরুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজারে মুঠোফোন ও ফ্লেক্সিলোডের ব্যবসায়ী।
আহত অবস্থায় নূরুলকে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ব্যবসায়িক কাজের প্রায় চার লাখ টাকা থাকা একটি ব্যাগ ছিনতাই হয়েছে বলে তিনি পুলিশকে জানিয়েছেন।
বিমানবন্দর থানার পুলিশ জানায়, নূরুল ইসলাম কোম্পানীগঞ্জের দয়ারবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বেলা দুইটার দিকে সিলেট নগরে ফিরছিলেন।
বিমানবন্দর সড়কের ক্যাডেট কলেজের সামনে আসার পর দুটি মোটরসাইকেলে আসা চারজন লোক অটোরিকশার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় নূরুল বাধা দিলে তাঁর পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় তারা।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে ব্যবসায়ী আহত অবস্থায় টাকা ছিনতাইয়ের বিষয়টি চেপে যান। পরে হাসপাতালে ভর্তির পর টাকার ব্যাগের বিষয়টি পুলিশকে বলেন।
ওসি বলেন, ছিনতাইকারীদের সন্ধান করার পাশাপাশি তাঁর টাকার উৎস সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।