সিলেটে এক রাতে বিদ্যুতের তিনটি ট্রান্সফরমার চুরি
সিলেট নগরে এক রাতে বিদ্যুতের তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। ট্রান্সফরমার না থাকায় ওই এলাকাসহ নগরের একাংশ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। সোমবার গভীর রাতে নগরের শাহি ঈদগাহ, হাউজিং এস্টেটের ফরিদপাড়া এলাকা ও আম্বরখানা বড়বাজার থেকে ট্রান্সফরমারগুলো চুরি হয়। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর ও শাহ পরান থানায় দুটি মামলা হয়েছে।এলাকাবাসী জানান, ট্রাকযোগে ২০ থেকে ২২ জনের একদল লোক বিদ্যুৎ বিভাগের লোক পরিচয়ে একের পর এক ট্রান্সফরমারগুলো খুলে নিয়ে যায়। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় সংশ্লিষ্ট এলাকাবাসী বিদ্যুৎ বিভাগে যোগাযোগ করে জানতে পারেন, এগুলো চুরি হয়েছে। সিলেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-১-এর নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট থানায় মামলা করে ট্রান্সফরমার পুনঃস্থাপনের চেষ্টা করা হচ্ছে।