সিলেটে একই দিনে বিএনপির জেলা ও নগর সম্মেলন
সিলেটে আগামী ৬ ফেব্রুয়ারি একই দিন জেলা ও নগর বিএনপির সম্মেলন করার তারিখ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি জেলা ও নগর বিএনপির আহ্বায়ক কমিটি জরুরি সভা করে সম্মেলনের তারিখ ঘোষণা করে। গতকাল বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। যোগাযোগ করলে জেলা বিএনপির আহ্বায়ক এম নুরুল হক ও নগর কমিটির আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী একই দিন সম্মেলন করার বিষয়টি নিশ্চিত করে সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার রাতে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নগর ও জেলা কমিটির জরুরি যৌথসভা হয়। এতে চলমান পরিস্থিতি বিবেচনায় একই দিন নগর ও জেলা শাখার সম্মেলন করার বিষয়ে একমত হলে ৬ ফেব্রুয়ারি সম্মেলন করার তারিখ চূড়ান্ত হয়।
জরুরি সভার বরাত দিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ বলেন, সিলেট নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে সকালে জেলা এবং বিকেলে নগর বিএনপির সম্মেলন হবে।
জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালে। সম্মেলনে সভাপতি হয়েছিলেন বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলী। ২০১২ সালের ১৭ এপ্রিল তিনি নিখোঁজ হন। ২০১৪ সালের ১০ এপ্রিল পুরোনো কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা হয়। এতে এম নুরুল হককে আহ্বায়ক, আটজন যুগ্ম আহ্বায়ক ও বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীরকে কমিটির প্রথম সদস্য রাখা হয়।