সিলেটে একটি পদচারী সেতুর দাবি
সিলেট শহরের আম্বরখানা চত্বর। সিলেট-সুনামগঞ্জ, সিলেট-কোম্পানীগঞ্জ এবং সিলেট-তামাবিল সড়কের মতো গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংযোগস্থল এ চত্বর। প্রতিদিন হাজারো যানবাহনের চলাচল এ চত্বর হয়ে। পথচারীদের নির্বিঘ্ন চলাচলের সুবিধার জন্য এখানে একটি পদচারী-সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও পথচারীরা।
আম্বরখানা এলাকার বেশ কয়েকজন ব্যবসায়ী ও পথচারীর সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের সংযোগস্থল এই চত্বর। এ চত্বর হয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচলের পাশাপাশি মানুষেরও যাতায়াত স্রোতের মতো। তাই সবার পথচলা নির্বিঘ্ন করতে এখানে পদচারী-সেতু নির্মাণ জরুরি বলে তাঁরা মন্তব্য করেছেন।
গতকাল রোববার বেলা একটায় সরেজমিনে দেখা গেছে, চত্বরের চারদিকে তীব্র যানজট। কয়েক শ রিকশা, ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা জটলা বেঁধে আছে। এসব যানবাহনের ফাঁকফোকর দিয়ে কোনো রকমে ঠেলেঠুলে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। হঠাৎ ট্রাফিক পুলিশের সংকেত পেয়ে চৌহাট্টামুখী যানবাহন চলাচল শুরু করায় মাঝ রাস্তায় চলে যাওয়া কয়েকজন পথচারী বেকায়দায় পড়ে যান।
মো. খালিক মিয়া নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তি বলেন, আম্বরখানা এলাকাটি শহরের ব্যস্ততম সড়কগুলোর একটি। এখান দিয়ে সারাক্ষণ বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে। এ অবস্থায় রাস্তা পার হতে নারী ও শিশুদের পাশাপাশি বয়স্ক মানুষদের খুব সমস্যায় পড়তে হয়। পদচারী-সেতু হলে পথচারীদের দুর্ভোগ থাকবে না।
এই এলাকার ভাসমান সবজি ব্যবসায়ী মনোহর আলী বলেন, এই চত্বরে রাস্তা পার হওয়ার সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পথচারীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন। গত এক সপ্তাহে তিনি অন্তত ১৫ থেকে ২০টি দুর্ঘটনা দেখেছেন।
কথা হয় পথচারী নাঈমা বেগমের সঙ্গে। শহরের চৌকিদেখি এলাকার এক গৃহিণী বলেন, ‘মেয়েকে নিয়ে দীর্ঘক্ষণ ধরে রাস্তা পার হওয়ার জন্য চেষ্টা করছি। কিন্তু দ্রুতগামী গাড়ির কারণে ভয়ে পার হচ্ছি না। গাড়ির চাপ একটু কমে এলে পার হব।’
যোগাযোগ করলে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব আম্বরখানা চত্বরে একটি পদচারী-সেতু নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, পদচারী-সেতু নির্মাণের ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য প্রকৌশল বিভাগকে জানানো হবে। নাগরিকদের পথ চলাচল নির্বিঘ্ন করতে অবশ্যই এটি নির্মাণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।