সিলেটে এখনো ঈদের কেনাকাটা জমে ওঠেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে এখনো ঈদের কেনাকাটা জমে ওঠেনি। তবে নগরের বিপণিবিতানগুলোতে ব্যবসায়ীরা ক্রেতাদের আকৃষ্ট করতে নতুন নকশার বাহারি সব সামগ্রী নিয়ে আসছেন। ক্রেতারাও বিপণিবিতান ঘুরে ঘুরে পছন্দের সামগ্রী খুঁজছেন। একাধিক ক্রেতা জানান, এখন তাঁরা বিভিন্ন সামগ্রী পছন্দ করে রাখছেন। কিনবেন ঈদের আগ মুহূর্তে। গতকাল রোববার সন্ধ্যায় নগরের জিন্দাবাজার এলাকায় কেনাকাটা করতে আসেন দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা আবু তালেব (৪৯)। তিনি বলেন, ‘আপাতত বাজার ঘুরে দেখছি, কোথায় কোন জিনিস ভালো পাওয়া যাচ্ছে। ঈদের আগ মুহূর্তে স্ত্রী-সন্তানদের নিয়ে দর-কষাকষি করে কেনাকাটা করব।’ বন্দরবাজার এলাকায় কথা হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুলতানা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘আমার হাতে টাকা ছিল। তাই খরচ হওয়ার আগেই একটি থ্রি-পিস কিনে ফেললাম। তবে আরও কয়েক দিন পর নতুন নকশার (ডিজাইন) একটা লেহেঙ্গা কেনার ইচ্ছা আছে।’ একাধিক বিক্রেতা জানান, অন্যান্য বছর রমজানের মাঝামাঝি ঈদের বাজার জমে উঠলেও এবার কিছুটা ব্যতিক্রম। এখনো ক্রেতারা আসতে শুরু করেননি। তবে ব্যবসায়ীরা ক্রেতাদের চাহিদা ও রুচির দিকে প্রধান্য দিয়ে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে দরজিবাড়িতে ইতিমধ্যে ব্যস্ততা শুরু হয়ে যাওয়ায় তাঁদের কথা বলার ফুসরত নেই বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। নয়া সড়ক এলাকার ব্যবসায়ী আইয়ুব খান প্রথম আলোকে বলেন, ‘ক্রেতারা এখনো সেভাবে না আসার কারণটা বুঝতে পারছি না। তবে দুই দিন ধরে সন্ধ্যার পর ক্রেতাদের ভিড় বাড়ছে। আশা করছি, দু-তিন দিনের মধ্যে নগরে ঈদের বাজার জমে উঠবে।’