সিলেটে বন্যাকবলিত নয়টি উপজেলার অন্তত দেড় লাখ মানুষ এখনো পানিবন্দী রয়েছেন। গতকাল বুধবার পর্যন্ত এসব উপজেলায় বন্যার পানি সকালে কমছে তো রাতে বাড়ছে। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় উপদ্রুত এলাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয় প্রশাসন ও বন্যাদুর্গত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ের সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যার কবলে পড়েছে সিলেট। এর আগে ২০০৪ সালে বন্যার স্থায়িত্ব ছিল ১৫ থেকে ২০ দিন। এবার বন্যার স্থায়িত্ব এরই মধ্যে তা এক মাস পেরিয়ে গেছে। এ কারণে উপদ্রুত এলাকার মানুষ এখন মানবেতর জীবন যাপন করছেন। ঘরে পানি থাকায় মাচা বেঁধে দিন-রাত কাটাচ্ছেন। গরু-মহিষসহ গবাদিপশু কম দামে বিক্রি করে দিচ্ছেন। রাস্তাঘাটে পানি ওঠায় তাঁরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগর, বালাগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা। এরপরই রয়েছে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, দক্ষিণ সুরমা ও জকিগঞ্জ উপজেলা। এ নয় উপজেলার পাঁচ শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছিলেন। বিভিন্ন বাড়িঘরের ভেতর থেকে পানি নেমে গেলেও এখনো কয়েক শ বাড়ি জলাবদ্ধ রয়েছে।
ওসমানীনগরের লামা গাভুরটিকি গ্রামের রফিকুন্নেছা, রাজনা বেগম ও লুৎফুর রহমানসহ ১০ জন বলেন, তাঁরা বন্যাদুর্গত হলেও সরকারি ত্রাণ সহায়তা পাননি। বন্যার কারণে এলাকায় কর্ম-সংকট দেখা দিয়েছে। তাই তাঁদের দিন কাটছে খেয়ে না-খেয়ে।
বন্যার্ত ব্যক্তিরা বলছেন, অধিকাংশ নলকূপ তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ খাওয়ার পানির সংকট তৈরি হয়েছে। ত্রাণ সহায়তা অপর্যাপ্ত। জ্বর, নিউমোনিয়া, পেটের পীড়া, ডায়রিয়া, চর্মরোগসহ পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বেড়েছে সাপ-জোঁকের উপদ্রব। ধসে পড়েছে অধিকাংশ কাঁচা ঘরবাড়ি। গবাদিপশু ও পোষা প্রাণীর আবাস তলিয়ে যাওয়ার পাশাপাশি এদের খাদ্যেরও তীব্র সংকট দেখা দিয়েছে।
বন্যাকবলিত ১৪টি পরিবারের সদস্যরা বলেন, দিনের পর দিন অধিকাংশ ফসলি জমি, বাজার, রাস্তা, বাড়ি পানির নিচে তলিয়ে থাকায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ সুযোগে কিছু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছেন। একে তো মানুষের হাতে টাকা নেই, তাই দাম বেড়ে যাওয়ার বিষয়টি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে।
গোলাপগঞ্জের মীরগঞ্জ বাজারের দুজন ব্যবসায়ী বলেন, তাঁদের বাজারটি এখনো পানির নিচে। এ কারণে পানি ভেঙে উপজেলাসহ জেলা শহর থেকে প্রয়োজনীয় দ্রব্য কিনে আনতে অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে। খেত তলিয়ে যাওয়ায় শাকসবজির সংকটও দেখা দিয়েছে। সে কারণে দাম কিছুটা বেড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্র অনুযায়ী, গতকাল বুধবার বেলা তিনটায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১৩ দশমিক ৬২, সিলেট পয়েন্টে ১১ দশমিক ২ ও সুনামগঞ্জ পয়েন্টে ৮ দশমিক ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কুশিয়ারা নদীর পানি অমলশিদ পয়েন্টে বিপৎসীমার ১৬ দশমিক ২৫, শেওলা পয়েন্টে ১৩ দশমিক ৯৮ ও শেরপুর পয়েন্টে ৮ দশমিক ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার বলেন, পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কেউ ত্রাণ না পেয়ে থাকলে স্থানীয় প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ রয়েছে। প্রশাসন যাচাই-বাছাই করে ত্রাণ দেওয়ার ব্যবস্থা নেবে। এ ছাড়া স্থানীয় হাটবাজারে যেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সেটিও প্রশাসন নিয়মিত পর্যবেক্ষণ করছে। তবে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় বানভাসি মানুষের দুর্ভোগ সহজে কমবে না।