সিলেটে এগিয়ে যাওয়ার ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিলেটে সবকিছু এবার বেশি। পরীক্ষার্থীর সংখ্যা, পাসের হার, জিপিএ-৫ পাওয়ার সংখ্যা; সবই বেশি। সার্বিক ফলাফলে বিগত বছরগুলোকে ছাড়িয়ে যাওয়ার ধারাও বজায় রয়েছে।’ সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনিরউদ্দিন গতকাল বৃহস্পতিবার এইচএসসির ফলাফল ঘোষণার পর প্রথম আলোকে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পাসের হারের দিক দিয়ে সারা দেশের মধ্যে সিলেট সবার ওপরে থাকায় এবারের ফলাফলকে বোর্ড কর্তৃপক্ষ মাইলফলক বলে অভিহিত করছে।সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ১৯ হাজার ৮২০ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ১৫ হাজার ৮৭ জন। পাসের হার ৭৬ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫৯৭। ২০০৬ সালে জিপিএ-ভিত্তিক ফলাফল চালুর পর সিলেট শিক্ষা বোর্ডে এবারই পাসের হার সর্বোচ্চ এবং সর্বাধিকসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।২০০৬ সাল থেকে ফলাফল ভালো হচ্ছে, এ তথ্য জানিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবার ১৩০টি কলেজ থেকে পরীক্ষার্থীরা অংশ নেন। কোনোটিতেই পাসের হার ৩৫ শতাংশের নিচে নেই।এ সাফল্য সম্পর্কে সিলেটের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষাক্ষেত্রে সিলেট পিছিয়ে ছিল। তবে ইদানীং দেখা যাচ্ছে, ফলাফল ভালো হচ্ছে। এ অর্জনকে ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো করতে হবে।’ সিলেট শিক্ষা বোর্ডের সেরা ২০ কলেজের মধ্যে এবার শীর্ষে সিলেট ক্যাডেট কলেজ। কলেজের অ্যাডজুটেন্ট মেজর রোশলান-উর-রহমান জানান, এ ফল সিলেট ক্যাডেট কলেজের ক্যাডেটদের কঠোর সাধনারই পুরস্কার। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. আলমগীর হোসেন বোর্ডের সেরা তালিকা বাছাইপদ্ধতির সঙ্গে দ্বিমত প্রকাশ করে বলেন, ‘আমরা মনে করি, সিলেট শিক্ষা বোর্ডে আমরাই সবচেয়ে ভালো ফল করেছি।’প্রতিক্রিয়া: হালিমা খানম ও রোকশনা বেগম। এসএসসিতে জিপিএ-৫ পেয়ে ভর্তি হয়েছিলেন সিলেট সরকারি মহিলা কলেজে। বোর্ডের সেরা ২০ কলেজের মধ্যে মহিলা কলেজ তৃতীয় হওয়ায় খুশি তাঁরা। হালিমা বলেন, ‘নিজের কৃতিত্বপূর্ণ ফলের সঙ্গে প্রতিষ্ঠানের সাফল্য যুক্ত হওয়ায় আমরা দারুণ আনন্দিত।’