সিলেটে এবার ট্যাংক লরি শ্রমিকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার একটি পেট্রলপাম্পে হামলা ও লুটপাটের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হওয়ার পর দুই পক্ষই ধর্মঘট কর্মসূচি থেকে সরে গিয়েছিল। তবে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে গত শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন।
ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের ধর্মঘটের কারণে সিলেটের পেট্রলপাম্পগুলোতে জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে জ্বালানি তেলশূন্য হয়ে পড়েছে সিলেটের পেট্রলপাম্পগুলো। ফলে ভোগান্তিতে পড়েছে বিভিন্ন যানবাহনের চালক ও সাধারণ মানুষ। তিনটি পাম্পের তিনজন কর্মচারী জানান, শনিবার রাত থেকেই তাঁদের পাম্পগুলো তেলশূন্য হয়ে পড়েছে।
গতকাল রোববার নগরের ছয়টি পেট্রলপাম্প ঘুরে দেখা গেছে, যানবাহনের চালকেরা পেট্রলপাম্পে এসে জ্বালানি ছাড়াই ফিরে যাচ্ছেন। এ কারণে সকাল থেকে নগরও অনেকটা যানবাহনশূন্য হয়ে পড়েছে।
ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন সিলেটের সভাপতি চেরাগ আলী প্রথম আলোকে বলেন, পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটি সমঝোতা বৈঠকের আহ্বান করা হয়েছে। সেখানে দাবি পূরণের আশ্বাস পেলে ধর্মঘট প্রত্যাহার করা হবে।
প্রসঙ্গত, ১১ এপ্রিল বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার একটি সিএনজি অ্যান্ড পেট্রল ফিলিং স্টেশনে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেট জেলা পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি জানিয়ে পরদিন থেকে সিলেটের পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় সিলেট সিএনজি ও পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তবে রাতেই পুলিশ মামলাটি নেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।
অন্যদিকে, সিলেট জেলা পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সভাপতির নাম উল্লেখ করে মামলা করার প্রতিবাদে এবং পরিবহনশ্রমিকদের পক্ষ থেকে করা মামলা গ্রহণের দাবিতে সংগঠনটির পক্ষ থেকে ১৫ এপ্রিল থেকে সিলেট বিভাগে পরিবহন ধর্মঘটের আহ্বান করা হয়। ওই রাতে শ্রমিকদের পক্ষ থেকে করা মামলাটি পুলিশ গ্রহণ করলে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করে নেন। তবে পরিবহনশ্রমিকদের করা মামলায় সিলেট সিএনজি ও পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরীকে প্রধান আসামি উল্লেখ করায় এবার ধর্মঘট ডেকেছে ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন।