সিলেটে এবার বাটার কর্মকর্তাকে খুন করে ৪ লাখ টাকা ছিনতাই
সিলেটে এবার রকিবুল ইসলাম নামে বাটা কোম্পানির এক কর্মকর্তাকে খুন করে দুর্বৃত্তরা চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। নেহার বিপণিবিতানে গয়নার দোকানে লুটপাট-হত্যার ঘটনার এক সপ্তাহ পর গতকাল বুধবার এ ঘটনা ঘটল। পুলিশ জানায়, রকিবুল সিলেটের দক্ষিণ সুরমায় বাটা কোম্পানির ডিপোতে ‘এসআর’ পদে কর্মরত ছিলেন। বিকেল সাড়ে তিনটার দিকে একজন সহকর্মীকে নিয়ে তিনি কোম্পানির চার লাখ ২৫ হাজার টাকা নগরের বারুতখানা এলাকার একটি ব্যাংকে জমা দিতে রিকশাযোগে রওনা করেন। তাঁকে বহনকারী রিকশাটি জিন্দাবাজার-বারুতখানা রাস্তা হয়ে নেহার বিপণিবিতান পার হওয়ার পর দুটি মোটরসাইকেলে করে ছয়জন যুবক তাঁদের রিকশার গতিরোধ করে। এ সময় যুবকেরা তাঁকে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। রকিবুলের সঙ্গে থাকা তাঁর সহকর্মী খুরশেদ তাঁকে আহত অবস্থায় উদ্ধার করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রকিবুল মারা যান। কোতোয়ালি থানার ওসি আহমেদ নাসিরউদ্দিন মোহাম্মদ জানান, প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাই বলে ধারণা করা হচ্ছে।