সিলেটে এবার বিএনপির তিন নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের সাত নেতাকে বহিষ্কারের পর এবার বিএনপিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন নেতাকে বহিষ্কার করেছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তর মনিটরিং সেলের প্রধান বেলাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
বেলাল আহমেদ জানান, গতকাল সোমবার বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন। ফ্যাক্সবার্তায় বহিষ্কারাদেশ জেলা বিএনপিকে জানানো হয়েছে।
আগামীকাল ১৯ ফেব্রুয়ারি সিলেটের ছয়টি উপজেলায় নির্বাচন হবে। ছয় উপজেলায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থিত ছাড়াও প্রার্থী রয়েছেন। গত রোববার জেলা আওয়ামী লীগ জরুরি সভা করে সাতজনকে বহিষ্কার করে।
গতকাল সোমবার বিএনপি কেন্দ্র থেকে তাঁদের তিন নেতাকে বহিষ্কার করল। বিএনপি থেকে বহিষ্কৃত ব্যক্তিরা হলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এমরান আহমদ চৌধুরী, একই উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী নছিরুল হক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিন।