সিলেটে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার সর্্বোচ্চসংখ্যক শিক্ষার্থী অংশ নিচ্ছে। শিক্ষাক্ষেত্রে ক্রমশই পিছিয়ে পড়া এই অঞ্চলের উত্তরণে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে শিক্ষা-সংশ্লিষ্টরা মনে করছেন। প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার শুরু হওয়া এই পরীক্ষায় সিলেট বিভাগের চারটি জেলায় মোট এক লাখ ৬০ হাজার ২৮২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৭১ হাজার ৪৯০ জন এবং ছাত্রী ৮৮ হাজার ৭৯২ জন। ছাত্রদের চেয়ে ছাত্রীদের সংখ্যা বেশি ১৭ হাজার ৩০২ জন। সব মিলিয়ে গতবারের চেয়ে এবার বেশি অংশ নেওয়া পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১৭ হাজার ৮৮৯ জন। বিভাগের চারটি জেলার মধ্যে সিলেটে সর্্বোচ্চ এবং হবিগঞ্জে সর্বনিম্নসংখ্যক পরীক্ষার্থী রয়েছে যথাক্রমে ৫৩ হাজার ৫৮৫ এবং ৩২ হাজার ৬৭৯ জন। অন্য দুই জেলা সুনামগঞ্জে ৩৬ হাজার ৬২৬ এবং মৌলভীবাজারে ৩৭ হাজার ৩৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।সদর উপজেলার বিমানবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ পাল দীপু জানান, ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর ব্যাপক অংশগ্রহণের বিষয়টি শিক্ষাজীবনের শুরুতেই নারী শিক্ষার জন্য একটি ইতিবাচক বিষয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের জেলা কর্মকর্তা মো. হযরত আলী প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হওয়ার পর থেকে এবারই সর্্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অংশ নিচ্ছে। শিক্ষা অধিদপ্তর-শিক্ষক-অভিভাবক সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রাথমিক স্তরে ঝরে পড়া রোধ করা গেছে, তাই স্বাভাবিকভাবেই শিক্ষার্থীর সংখ্যা এবার বেড়েছে।’