সিলেটে এমন বিড়ম্বনায় পড়লে আর 'রক্ষা' নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরে রাস্তায় চলার পথে হঠাৎ কারও শৌচাগারে যাওয়ার প্রয়োজন হলে তাঁর আর রক্ষা নেই। কেউ বাধ্য হয়ে রাস্তার পাশে ‘কাজ’ সারছেন! যাঁদের উপায় নেই, তাঁদের বিড়ম্বনারও শেষ নেই। বিস্ময়কর হলেও সত্য, শহরে একটিও গণশৌচাগার নেই।
গণশৌচাগার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময় আন্দোলন করেছে কয়েকটি সামাজিক সংগঠন। তবে এ আন্দোলন এবং মানুষের প্রয়োজনীয়তার বিষয়টি কখনোই সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে গুরুত্ব পায়নি বলে মন্তব্য করেছেন স্কুলশিক্ষক খন্দকার রবিউল ইসলাম।
সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জেসমিন আক্তারের মন্তব্য, ১৩৬ বছর আগে পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল। এত সময় পেরিয়ে গেলেও দায়িত্বশীল ব্যক্তিরা কখনোই শহরে গণশৌচাগার স্থাপনের বিষয়টি বিবেচনায় নেননি, এটা অত্যন্ত আশ্চর্যের বিষয়।
১৮৭৮ সালে গঠিত সিলেট পৌরসভাকে ২০০২ সালে সিটি করপোরেশনে রূপান্তর করা হয়। ২৬ দশমিক ৫ বর্গকিলোমিটার আয়তনের এ নগরে ২৭টি ওয়ার্ড রয়েছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ১৫ লাখ মানুষের বাস সিলেট শহরে। প্রতিদিন আশপাশের জেলা ও উপজেলা থেকে বিভিন্ন কাজে এখানে আসে আরও অসংখ্য মানুষ। দেশ ও দেশের বাইরের পর্যটকেরাও নিয়মিত এই শহরে আসেন। অথচ কেন এত দিনেও শহরে শৌচাগার নির্মাণ করা হয়নি এর সদুত্তর নেই সিটি করপোরেশনের কাছে।
সরেজমিনে দেখা গেছে, নগরের পুরান লেন, কিন ব্রিজ এলাকা, সার্কিট হাউসের সম্মুখভাগ, তালতলা, কাজিরবাজার, কদমতলী, রেলস্টেশনসহ অন্তত ২৫ এলাকার ফুটপাত ‘গণশৌচাগার’ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে।
বন্দরবাজার এলাকার একটি বেসরকারি ওষুধ কোম্পানির চাকরিজীবী সহিদুল মিয়ার সঙ্গে। তিনি বলেন, এ রকম পরিস্থিতিতে পড়লে কেউ বাধ্য হয়ে রাস্তার পাশের বিপণিবিতানে যায়। সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় গণশৌচাগার না হওয়া পর্যন্ত এ বিড়ম্বনা থেকে নগরবাসীর মুক্তি নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক আম্বরখানা এলাকার একজন চাকরিজীবী নারী বলেন, পুরুষেরা যেখানে-সেখানে শৌচাগারের প্রয়োজন মেটাতে পারলেও নারীদের পক্ষে তা সম্ভব নয়। শহরে দ্রুত নারীবান্ধব শৌচাগার প্রতিষ্ঠা করা জরুরি।
সিটি করপোরেশনের পরিকল্পনায় শৌচাগারের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়টি কেন উপেক্ষিত থেকেছে, এটি ভাবনার বিষয় বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক মোস্তাক আহমেদ। তিনি বলেন, শহরে শৌচাগার না থাকা নিঃসন্দেহে করপোরেশনের ব্যর্থতা।
তবে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ শেষ পর্যন্ত শৌচাগার নির্মাণের কথা ভাবতে শুরু করেছে। প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে জানান, কিছুদিন আগে তিন লাখ টাকা ব্যয়ে সার্কিট হাউস এলাকায় একটি গণশৌচাগার নির্মাণের দরপত্র আহ্বান বিভিন্ন প্রক্রিয়া শেষ হয়েছে। দুই মাসের মধ্যেই এটির নির্মাণকাজ শেষ হবে।
প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, কাজিরবাজার এলাকায় আরেকটি গণশৌগাচার স্থাপনের জন্য শিগগিরই আহ্বান করা হবে। দক্ষিণ সুরমা এবং টিলাগড় এলাকায় আরও দুটি গণশৌচাগার স্থাপনের পরিকল্পনা সিটি করপোরেশন কর্তৃপক্ষের রয়েছে।