সিলেট পুলিশ লাইনে কর্মরত এক নারী পুলিশ কনস্টেবল তাঁর স্বামী উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে যৌতুক না পেয়ে নির্যাতন করার অভিযোগে মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী কনস্টেবল বাদী হয়ে মামলা করেন। আদালত গতকালই মামলাটি (নম্বর ৯২) আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন ২৯ অক্টোবরের মধ্যে দাখিল করতে আদেশ দিয়েছেন। মামলার একমাত্র আসামি এসআই মোশাররফ হোসেন। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা মোশাররফ বর্তমানে ঢাকার মালিবাগে পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত। কনস্টেবল তাঁর স্বামীর বিরুদ্ধে নয় লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ করেন। বিয়ের প্রায় এক মাসের মাথায় এ টাকা না দেওয়ায় মোশাররফ ১১ সেপ্টেম্বর তাঁকে মারধর করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর নারী কনস্টেবল ওই মামলা করেন। যৌতুক দাবির কিছু প্রমাণ ও তাঁকে শারীরিকভাবে নির্যাতনের চিকিৎসা ব্যবস্থাপত্র মামলার সঙ্গে আদালতে দাখিল করেন তিনি। এ ব্যাপারে মোশাররফের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।