সিলেটে ওয়ানগালা উৎসব উদ্যাপন
আদিবাসী সাজে সজ্জিত সবাই। পোশাক-আশাকে নারী ও তরুণীদের মধ্যে কেউ সেজেছিল পুরুষ, আবার কেউ নবীন হয়েও প্রবীণের বেশে। গানে-নাচে নিজেদের মতো করে গত শুক্রবার উৎসবে মাতোয়ারা একটি দিন কাটাল সিলেটের আদিবাসীরা। নবান্নকে সামনে রেখে আদিবাসীদের এ উৎসবের নাম ‘ওয়ানগালা’। নগরের রিকাবীবাজারের সিলেট মিলনায়তনে দিনভর উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো সিলেটে উদ্যাপিত হলো ওয়ানগালা।আয়োজক ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্র জানায়, আদিবাসী গারো-হাজং সম্প্রদায়ের সংস্কৃতির ওয়ানগালা সিলেটে এত দিন ঘরোয়াভাবে উদ্যাপিত হতো। এই উৎসবকে ছড়িয়ে দিতে নবান্নের আমেজে আয়োজন করা হয়েছিল ওয়ানগালা। উৎসবে সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ছিলেন প্রধান অতিথি।লোকসংগীতের মাধ্যমে উৎসবের সূচনা হয়। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে গারো-হাজংদের নিজস্ব সংস্কৃতি আর কৃষ্টির নানা পর্ব। নারী-পুরুষ ও শিশুরা ছিল উৎসবে একাত্ম। বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আদিবাসীরা উৎসবপ্রিয়। সংস্কৃতির টান তাদের নাড়ির মধ্যে। এ জন্য সিলেট অঞ্চলে একটি আদিবাসী সংস্কৃতি চর্চাকেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।অ্যাসোসিয়েশনের সভাপতি দিবসতিন নকরেক তানসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, আদিবাসী নেতা রেভারেন্ড জুয়েল নাগ, মাইকেল মারাক, মাইকেল দান্দালি, প্রকাশ সামগুম।