সিলেটে কথিত ‘জিনের বাদশা’ গ্রেপ্তার
সিলেটে এক নারীর মুঠোফোনে ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র। গতকাল শনিবার বিকেলে এ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্যরা।র্যাব-৯ সূত্রে জানা যায়, দেড় মাস আগে সিলেট নগরের ভার্থখলার বাসিন্দা কাদের আহমেদের স্ত্রী আলেছা বেগমের (৩০) ব্যক্তিগত মুঠোফোনে একটি ফোন আসে। অপর প্রান্ত থেকে এক ব্যক্তি নিজেকে ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে তাঁকে ভয়ভীতি দেখায়। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের নাম উল্লেখ করে সবার ক্ষতি করা হবে বলে হুমকিও দেয়। একপর্যায়ে কথিত জিনের বাদশা আলেছা বেগমকে জানায়, তাঁর কাছে দুইটি মূর্তি পাঠানো হবে এবং জিনকে বশ করার জন্য টাকা না দিলে তাঁর সন্তানেরা মারা যাবে। আলেছা বেগম বিষয়টি বিশ্বাস করে প্রায় দুই লাখ টাকা ওই প্রতারক চক্রকে কয়েকটি কিস্তিতে দেন।পরবর্তী সময়ে জিনের বাদশা নিয়ে সন্দেহ হলে আলেছা পুরো বিষয়টি র্যাব-৯-কে জানান। এরপর প্রতারক চক্রের সদস্যদের ধরতে পদক্ষেপ নেয় র্যাব। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে র্যাবের একটি দল নগরের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দ্বিতীয় গেটের সামনে দুইটি পিতলের মূর্তিসহ প্রতারক চক্রের সদস্য রাজু মিয়াকে (৩৫) আটক করে। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মারিয়া গ্রামের বাসিন্দা।র্যাব-৯-এর কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট শহীদুল আলম তালুকদার প্রথম আলোকে বলেন, ‘গাইবান্ধা জেলার একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সিলেটের বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে মানুষকে প্রতারণা করছে। এ ধরনের একটি অভিযোগ আমাদের কাছে ছিল। সে অনুযায়ী র্যাব গোয়েন্দা তৎপরতা চালিয়েছিল। ইতিমধ্যে প্রতারক চক্রের এক সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি।’