সিলেটে করোনা পরীক্ষার ল্যাব প্রস্তুত, নমুনা সংগ্রহ শুরু আজকাল
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি) বিভাগ এখন করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রস্তুত। এখানকার গবেষণাগারের জন্য আজ সোমবার বা কাল মঙ্গলবার থেকে করোনায় আক্রান্তের সন্দেহে থাকা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে।
বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সিলেটে করোনা শনাক্ত করণ (কোভিড-১৯) কমিটির চেয়ারম্যান মো. ময়নুল হক। তিনি বলেন, ‘ল্যাব স্থাপন কাজ শেষ আমরা প্রস্তুত রয়েছি। এখন নমুনা নিয়ে আসা হলে পরীক্ষা শুরু হবে।’
মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, মেডিকেল কলেজের দ্বিতীয় তলায় কোভিড-১৯ পরীক্ষার জন্য ল্যাব স্থাপন করার কাজ সম্পন্ন হয়েছে। এই গবেষণাগারের যন্ত্রপাতি ও অবকাঠামো দুদিন আগে স্থাপন করা হয়েছে। এর আগে ঢাকা থেকে করোনা পরীক্ষার জন্য পিসিআর (পলিমিয়ার্স চেইন রিঅ্যাকশন) যন্ত্রসহ অন্যান্য সরঞ্জাম সিলেটে নিয়ে আসা হয়।
এদিকে সোমবার সকালে মেডিকেল কলেজে করোনা শনাক্তকরণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ওসমানী মেডিকেলে করোনা পরীক্ষার গবেষণাগার প্রস্তুত থাকার বিষয়টি জানানো হয়। সেই সঙ্গে নমুনা সংগ্রহের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে সিলেটের সিভিল সার্জনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সার্বিক প্রস্তুতির বিষয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ ময়নুল হক প্রথম আলোকে বলেন, ‘আমাদের ল্যাব প্রস্তুত। এখন পরীক্ষা শুরুর জন্য নমুনার প্রয়োজন। নমুনা সংগ্রহের জন্য সিভিল সার্জন নির্দেশনা দেবেন। উপজেলা পর্যায় থেকেও নমুনা সংগ্রহ করা হবে।’ তিনি বলেন, করোনা পরীক্ষার যন্ত্রগুলো যুক্তরাষ্ট্র, জার্মানি এবং কোরিয়া থেকে আমদানি করা। যন্ত্র আমদানি করা প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞ দল সিলেটে অবস্থান করছেন। তাঁরা সিলেটে করোনা পরীক্ষায় সংযুক্ত থাকা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, টেকনোলজিস্টদের যন্ত্রগুলোর বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন।
ময়নুল হক আরও বলেন, ‘এই মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগের অধ্যাপক এবং টেকনোলজিস্টরা ভাইরাস সম্পর্কে অভিজ্ঞ। তাঁরা ভাইরাস নিয়ে গবেষণা করেছেন। কিন্তু করোনা নতুন এক ভাইরাস। এটি সম্পর্কে কারও অভিজ্ঞতা নেই।’