সিলেটে করোনায় মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়াল
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। শনিবার সকাল আটটা পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০৩ জন। এর মধ্যে শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন।
এ ছাড়া চলতি মাসের ১ মে থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ২৯ দিনে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৫৩ জন। এর আগে গত এপ্রিল মাসে বিভাগে করোনা সংক্রমণের পর থেকে সর্বোচ্চ ৬৫ জনের মৃত্যু হয়েছিল। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এপ্রিল মাসে সিলেট বিভাগে করোনা সংক্রমণের পর সর্বোচ্চ ৬৫ জনের মৃত্যু হয়। তবে চলতি মাসে ২৯ দিনেই মারা গেছেন ৫৩ জন। এর মধ্যে গত এক সপ্তাহে (২৩ মে থেকে শনিবার পর্যন্ত) মারা গেছেন ১৬ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০৩ জন।
গত বছরের ৫ এপ্রিল সিলেট জেলায় প্রথম করোনায় সংক্রমিত রোগীর সন্ধান পাওয়া যায়। এর ১০ দিন পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত বছরের এপ্রিল থেকে মে এই দুই মাসে বিভাগে মারা যান ১৭ জন। এরপর থেকে মৃতের সংখ্যা বাড়তে থাকে। গত বছরের জুনে ৫৮, জুলাইয়ে ৭১ জন মারা যান। এরপর মৃতের সংখ্যা কমতে থাকে। আগস্টে ৪১, সেপ্টেম্বরে ৩১, অক্টোবরে ১২, নভেম্বরে ১৪ ও ডিসেম্বরে ১৯ জন মারা যান। চলতি বছরের জানুয়ারিতে এ সংখ্যা আরও কমে। জানুয়ারিতে ১২, ফেব্রয়ারিতে ৩ ও মার্চে মৃতের সংখ্যা ছিল ৭। এপ্রিল মাসে ৬৫ জন মারা যান।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ৪০০ অতিক্রম করেছে। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে অনেকে করোনার সংক্রমণ ছাড়াও অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন।
করোনা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্বের বিকল্প নেই। এ ছাড়া বাইরে বের হলে সার্বক্ষণিক মাস্ক ব্যবহার এবং সাবান পানি দিয়ে বারবার হাত ধোয়ার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।