সিলেটে কলেজ ছাত্রসহ দুই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমায় গত রোববার রাতে সোহেল আমিন (২৪) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন। এদিকে একই দিন জৈন্তাপুর উপজেলায় শামছু উদ্দিন (৪৫) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য দুর্বৃত্তদের হামলায় নিহত হন।সোহেলের বাড়ি দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার সিলাম পশ্চিমপাড়া গ্রামে। তিনি নগরের মদনমোহন কলেজের সম্মান চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। শামছু উদ্দিনের বাড়ি জৈন্তাপুরের আলুবাগান গ্রামে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রোববার রাত সাড়ে আটটার দিকে সোহেলকে তাঁর বাড়ির সামনের রাস্তায় প্রতিপক্ষের লোকজন দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। সোহেলকে রক্ষা করতে গিয়ে তাঁর মা-বোনসহ পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ রাতেই তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।নিহত সোহেলের পরিবার ও এলাকাবাসী সূত্রের ভাষ্যমতে, একই এলাকার বাসিন্দা গাড়িচালক রফিক বখশের সঙ্গে সোহেলের বাবা আনা মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত শনিবার তুচ্ছ ঘটনায় দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় সোহেল রোববার সকালে মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির খবর পেয়ে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে রোববার সন্ধ্যায় বাড়ি থেকে সোহেলের মাকে ডেকে নিয়ে লাঞ্ছিত করে। ঘটনা শুনে সোহেল ক্ষুব্ধ হয়ে রফিকের বাড়ির দিকে যেতে চাইলে পরিবারের সদস্যরা তাঁকে বাড়ি ফিরিয়ে আনেন। পরে রাত সাড়ে আটটার দিকে ধারালো অস্ত্র নিয়ে রফিকসহ তাঁর পরিবারের সদস্যরা হামলা চালালে তিনি ঘটনাস্থলেই নিহত হন। সোহেলের মৃত্যুর খবরে ক্ষুব্ধ এলাকাবাসী রাত সাড়ে ১০টার দিকে রফিকের বাড়ি ও তাঁর মাইক্রোবাসে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরসালিন জানান, ওই দিন রাতেই আনা মিয়া বাদী হয়ে রফিক ও তাঁর স্ত্রীসহ অজ্ঞাতপরিচয় ছয়জনকে আসামি করে মামলা করেছেন। আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি বলেন, সোহেলের পেট ও বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।এদিকে জৈন্তাপুর থানার পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার জৈন্তাপুর ইউপির সাবেক সদস্য শামছু উদ্দিনের সঙ্গে প্রতিবেশী কয়েকজনের বিরোধ ছিল। এর জের ধরে রোববার দুপুরে আলুবাগানের মোকামবাড়িসংলগ্ন স্থানে শামছুকে একা পেয়ে তাঁর ওপর ১০-১২ জন হামলা চালায়। হামলাকারীদের ছুরিকাঘাতে শামছু গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।জৈন্তাপুর থানার ওসি আবদুল জব্বার বলেন, এ ঘটনায় শামছুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।