সিলেটে কলেজছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমায় সিএনজিচালিত অটোরিকশায় ছুরিকাঘাত করে আল আমিন (২০) নামে এক কলেজছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত প্রায় ১০টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইচক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল আমিনের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার তকিপুর গ্রামে। আল আমিন ছাতকের গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন বলে নিশ্চিত করেছেন অর্থনীতি বিভাগের শিক্ষক শফিকুল আলম। ফেঞ্চুগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকালে হত্যাকাণ্ডের খবর পেয়ে কলেজে তাঁর সহপাঠীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সোমবার রাত আটটার দিকে আল আমিন এক ভাগনির যুক্তরাজ্যের ভিসাসংক্রান্ত কাগজপত্র নিয়ে ফেঞ্চুগঞ্জে তাঁর মামার বাড়ি যাচ্ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে তিনি কদমতলী এলাকা থেকে অন্য যাত্রীদের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। আল আমিনকে ছুরি দিয়ে আঘাত করে অটোরিকশা থেকে পারাইরচক এলাকায় ফেলে দুর্বৃত্তরা চলে যায়। কয়েকজন পথচারী তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পুলিশ আল আমিনকে অচেতন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
লাশের সুরতহাল প্রতিবেদনের কথা উল্লেখ করে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার একজন উপপরিদর্শক জানান, ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে আল আমিনকে অটোরিকশা থেকে রাস্তায় ফেলা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তের জন্য রাতেই তাঁর মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আল আমিনের বড় ভাই আমির আলী বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। আমির আলী প্রথম আলোকে জানান, অটোরিকশায় যাত্রীবেশী দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। তবে কী কারণে আল আমিনকে খুন করা হলো, তা তাঁরা বুঝতে পারছেন না। তাঁর কাছে যেসব কাগজপত্র ছিল, সেগুলো ঘটনাস্থলেই পাওয়া গেছে। তবে মুঠোফোনটি পাওয়া যায়নি।
প্রাথমিক তদন্তের কথা উল্লেখ করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়েছে। রাস্তায় পড়ে থাকায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করে অটোরিকশা শনাক্ত করে খুনিদের চিহ্নিত করার চেষ্টা করছে।