সিলেটে কাউন্সিলরসহ আটজন আটক
সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি-সমর্থিত কাউন্সিলর ফরহাদ চৌধুরীকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে তাঁর পক্ষের লোকজনের মিছিল থেকে পুলিশকে ধাওয়া করার ঘটনা ঘটেছে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে এক কাউন্সিলরসহ আটজনকে আটক করে। গতকাল মঙ্গলবার নগরের চৌকিদেখি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিদের মধ্যে সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুর রকিব ও কাউন্সিলর ফরহাদের বড় ভাই সাবেক পৌর কমিশনার সোয়েব চৌধুরী রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার অটোরিকশাচালক জালাল আহমদ হত্যার ঘটনায় সম্প্রতি আদালতে দায়ের করা মামলায় আসামি করা হয় মহানগর বিএনপির কোষাধ্যক্ষ ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরীকে। গতকাল বেলা তিনটার দিকে চৌকিদেখি এলাকায় ফরহাদের লোকজন মিছিল করে মামলা প্রত্যাহারের দাবি জানান। মিছিলটি বিমানবন্দর সড়কে এলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের ওপর আক্রমণের চেষ্টা করায় রকিবসহ আটজনকে আটক করা হয়।