সিলেটে কাপড় ব্যবসায়ী নারীর রহস্যজনক মৃত্যু
সিলেট নগরের চামেলিবাগে গত সোমবার গভীর রাতে কাপড় ব্যবসায়ী জাহানারা বেগমের (৩২) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ জাহানারার স্বামী আবদুল ওয়াহেদকে (৩৫) গ্রেপ্তার করেছে। এ ঘটনায় জাহানারার পরিবার ওয়াহেদকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় গতকাল মঙ্গলবার হত্যা মামলা করেছে। পারিবারিক সূত্র জানায়, চামেলিবাগের ৮১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন জাহানারা। তিনি ঢাকা থেকে কাপড় এনে সিলেট নগরের বিভিন্ন দোকানে বিক্রি করতেন। জাহানারার মা আলতা বেগম প্রথম আলোকে জানান, সোমবার গভীর রাতে জাহানারার প্রতিবেশীদের মাধ্যমে তিনি জানতে পারেন রাতে ব্যবসায়িক বিষয় নিয়ে জাহানারা ও ওয়াহেদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ওয়াহেদ শ্বাসরোধে জাহানারাকে অচেতন করে। খবর পেয়ে রাত আড়াইটার দিকে তিনি আত্মীয়স্বজন নিয়ে চামেলিবাগের বাসা থেকে জাহানারাকে উদ্ধার করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাহানারার মৃত্যু হয়। কোতোয়ালি থানাহাজতে ওয়াহেদ গতকাল সাংবাদিকদের জানান, জাহানারা প্রায় প্রতি রাতে ঘুমের বড়ি খেয়ে ঘুমান। সোমবার রাতে ঘুমের বড়ি খাওয়ায় তিনি বাধা দিলে রাগের মাথায় জাহানারা একাধিক ঘুমের বড়ি খেয়ে অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। জাহানারাকে শ্বাসরোধের অভিযোগ সত্য নয়।জাহানারা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রকিবুজ্জামান জানান, হত্যার অভিযোগে ওয়াহেদকে গতকাল সকালে তাঁর চামেলিবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি হত্যা না ঘুমের বড়ি খেয়ে মৃত্যু—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে।